জাতীয়

১২ ফেব্রুয়ারি ভোটের দিন প্রার্থী ও এজেন্টের গাড়ি চলাচলে ইসির কড়া নির্দেশনা

ঢাকা, ৯ ফেব্রুয়ারি – আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণের দিন প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং তাঁদের নির্বাচনী এজেন্টদের যান চলাচলের বিষয়ে বিশেষ নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।

কমিশনের নির্দেশনা অনুযায়ী প্রার্থী ও তাঁর নির্বাচনী এজেন্ট প্রত্যেকে একটি করে ছোট আকৃতির যানবাহন যেমন জিপ, কার, মাইক্রোবাস, সিএনজি বা অটোরিকশা ব্যবহার করতে পারবেন। প্রতিটি গাড়িতে চালকসহ সর্বোচ্চ পাঁচজন অবস্থান করতে পারবেন এবং প্রার্থীর নিরাপত্তার জন্য গানম্যান থাকলে তিনিও এই পাঁচজনের অন্তর্ভুক্ত হবেন।

যেসব এলাকায় মোটরসাইকেল ছাড়া অন্য কোনো যানবাহন চলাচল সম্ভব নয় সেখানে প্রার্থী ও এজেন্ট প্রত্যেকে সর্বোচ্চ দুটি করে মোটরসাইকেল ব্যবহারের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে প্রতিটি মোটরসাইকেলে চালকসহ অনধিক দুজন আরোহী থাকতে পারবেন।

অন্যদিকে নৌপথে চলাচলের ক্ষেত্রে প্রার্থী ও এজেন্ট প্রত্যেকে চালকসহ সর্বোচ্চ পাঁচজন নিয়ে নৌযান ব্যবহার করতে পারবেন।

নির্দেশনায় আরও উল্লেখ করা হয়েছে যে প্রার্থী, নির্বাচনী এজেন্ট ও গানম্যান ছাড়া যানবাহনে অবস্থানকারী অন্যদের সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে পরিচয়পত্র সংগ্রহ করতে হবে এবং গাড়িতে স্টিকার প্রদর্শন করতে হবে।

এছাড়া প্রার্থী ও নির্বাচনী এজেন্ট ছাড়া তাঁদের সঙ্গে থাকা অন্য কেউ ভোটকেন্দ্রের সীমানার ভেতরে প্রবেশ করতে পারবেন না বলেও নির্দেশনায় স্পষ্ট করা হয়েছে।

এনএন/ ৯ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language