আইসিসির কাছে বাংলাদেশের জন্য পিসিবির ৩টি বড় দাবি

ভারত, ৯ ফেব্রুয়ারি – ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অনাগ্রহ প্রকাশ করায় আইসিসির সিদ্ধান্তে টুর্নামেন্ট থেকে বাদ পড়েছে বাংলাদেশ। ভেন্যু পরিবর্তনের আবেদন খারিজ হওয়ার পর এই ইস্যুতে বাংলাদেশের পক্ষে প্রকাশ্যে সমর্থন জানায় পাকিস্তান। এমনকি প্রতিবাদস্বরূপ ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার ঘোষণা দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড বা পিসিবি, যা আইসিসির সঙ্গে তাদের সম্পর্কের অবনতি ঘটায়। তবে চলমান এই সংকট নিরসনে সম্প্রতি আলোচনার টেবিলে বসেছে দুই পক্ষ।
এনডিটিভি সূত্রের বরাতে জানা গেছে, ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্তের পর আইসিসির সতর্কবার্তার প্রেক্ষিতে রবিবার লাহোরে সংস্থাটির কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসে পিসিবি। বৈঠকে অচলাবস্থা কাটাতে পিসিবির পক্ষ থেকে তিনটি বড় দাবি উত্থাপন করা হয়, যার সবকটিই বাংলাদেশ ক্রিকেটের স্বার্থসংশ্লিষ্ট। প্রথম দাবিতে বলা হয়েছে, বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের অবদান বিবেচনায় আইসিসি থেকে দেশটির আর্থিক বরাদ্দ বা ক্ষতিপূরণ বাড়ানো উচিত। এই অতিরিক্ত অর্থায়ন উন্নত অবকাঠামো ও খেলোয়াড়দের মানোন্নয়নে সহায়ক হবে। দ্বিতীয় দাবিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের জন্য নির্দিষ্ট অংশগ্রহণ ফি প্রদানের প্রস্তাব দেওয়া হয়েছে। পিসিবির যুক্তি, বিশ্বকাপ প্রস্তুতির জন্য বড় অঙ্কের অর্থ ব্যয় হয়, তাই ন্যূনতম আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।
তৃতীয় দাবিতে ভবিষ্যতে কোনো আইসিসি টুর্নামেন্ট আয়োজনের স্বত্ব বাংলাদেশকে দেওয়ার কথা বলা হয়েছে। পিসিবির মতে, বাংলাদেশের আন্তর্জাতিক মানের ভেন্যু ও দর্শক সমর্থনের কারণে বড় ইভেন্ট আয়োজন দেশটির ক্রিকেট অর্থনীতি ও বৈশ্বিক অবস্থানকে শক্তিশালী করবে। এদিকে ম্যাচ বয়কটের বিষয়ে পিসিবিকে আগেই সতর্ক করেছে আইসিসি। তবে আলোচনার মাধ্যমে সম্মানজনক সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছে উভয় পক্ষ।
এস এম/ ৯ ফেব্রুয়ারি ২০২৬









