ঢালিউড

শাকিবের ‘রকস্টার’ সিনেমায় মিথিলা, মূল নায়িকা কি পাকিস্তানের কেউ?

পাকিস্তান, ৯ ফেব্রুয়ারি – আসন্ন ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে আসতে চলেছে শাকিব খানের নতুন সিনেমা ‘রকস্টার’। এই সিনেমায় দ্বিতীয় নায়িকা হিসেবে মিস ইউনিভার্স বাংলাদেশ তানজিয়া জামান মিথিলার নাম শোনা যাচ্ছে। তবে সিনেমার প্রধান নায়িকা হিসেবে কে থাকছেন তা নিয়ে তৈরি হয়েছে কৌতূহল। সূত্র বলছে, পাকিস্তানের কোনো শীর্ষ অভিনেত্রী এই চরিত্রে যুক্ত হতে পারেন।

সিনেমা সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, দ্বিতীয় নায়িকার চরিত্রের বিষয়ে পরিচালকের সঙ্গে মিথিলার একাধিক বৈঠক হয়েছে এবং চরিত্রটি তার পছন্দও হয়েছে। তবে ছবির প্রধান নায়িকা হিসেবে কাকে চূড়ান্ত করা হচ্ছে, তা এখনই প্রকাশ্যে আনতে চাইছে না প্রযোজনা সংস্থা। বিষয়টি এখন পর্যন্ত গুঞ্জনের পর্যায়ে রয়েছে। এ বিষয়ে সিনেমার পরিচালক আজমান রুশো জানান, নায়িকা নির্বাচনের বিষয়টি নিয়ে এখনই মন্তব্য করা সম্ভব নয়।

সবকিছু চূড়ান্ত হলে আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় নায়িকার নাম ঘোষণা করা হবে। তানজিয়া মিথিলাও এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। বর্তমানে শাকিব খান ‘প্রিন্স’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন। এই কাজ শেষ করে সপ্তাহ দুয়েকের বিরতি শেষে ‘রকস্টার’ সিনেমার শুটিং ফ্লোরে যোগ দেওয়ার কথা রয়েছে তার।

এসএএস/ ৯ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language