ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের হুমকি ও আইসিসির কাছে পিসিবির তিন শর্ত

ভারত, ৯ ফেব্রুয়ারি – ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে রাজি না হওয়ায় বাংলাদেশকে বাদ দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল বা আইসিসি। বাংলাদেশ ভেন্যু পরিবর্তনের অনুরোধ জানালেও তা রক্ষা করা হয়নি। এ ঘটনার পর থেকেই বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে পাকিস্তান।
প্রতিবাদ হিসেবে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড বা পিসিবি, যা বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে অচলাবস্থা সৃষ্টি করে। তবে এই পরিস্থিতি নিরসনের আভাস পাওয়া গেছে। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী আইসিসির সঙ্গে চলমান এই জটিলতা কাটাতে তিনটি শর্ত বা দাবি পেশ করেছে পিসিবি। গতকাল রোববার লাহোরে আইসিসি কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে দাবিগুলো তুলে ধরা হয়।
পিসিবির শর্তগুলো হলো বাংলাদেশের জন্য বর্ধিত ক্ষতিপূরণ নিশ্চিত করা, বিশ্বকাপ থেকে বাদ পড়লেও বাংলাদেশের জন্য অংশগ্রহণ ফি প্রদান করা এবং ভবিষ্যতে কোনো আইসিসি ইভেন্টের আয়োজক হওয়ার অধিকার প্রদান করা। সূত্রমতে পিসিবির কিছু কর্মকর্তা ভারতের বিপক্ষে ম্যাচ খেলার পক্ষে মত দিলেও বোর্ড চেয়ারম্যান মহসিন নাকভি নিজের অবস্থানে অনড় রয়েছেন। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আজ সোমবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠক করবেন তিনি।
এস এম/ ৯ ফেব্রুয়ারি ২০২৬









