ক্ষমতায় এলে সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা হবে: নাহিদ ইসলাম

ঢাকা, ৯ ফেব্রুয়ারি – জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, একটি কল্যাণমুখী রাষ্ট্রের প্রধান দায়িত্ব হলো প্রতিটি নাগরিকের জন্য ন্যায্যমূল্যে ভোগ্যপণ্য নিশ্চিত করা।
রোববার রাতে জাতির উদ্দেশে দেওয়া এক নির্বাচনী ভাষণে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বর্তমানে লাগামহীন দ্রব্যমূল্যে সাধারণ মানুষ দিশেহারা, তাই সরকারের উচিত সক্রিয়ভাবে বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনা। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশে নিত্যপণ্যের দাম সর্বাধিক হওয়ার পেছনে তিনি ব্যবসায়ী, রাজনীতিক ও আমলাদের একটি অসাধু সিন্ডিকেটকে দায়ী করেন।
এনসিপি সরকার গঠনের সুযোগ পেলে বাজার স্থিতিশীল রাখতে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করবে বলে প্রতিশ্রুতি দেন তিনি।
তিনি আরও উল্লেখ করেন, কৃত্রিম সংকট সৃষ্টিকারী সিন্ডিকেটকে আইনের আওতায় এনে কঠোর শাস্তির মুখোমুখি করা হবে। কৃষকরা যাতে কোনো প্রকার চাঁদা বা ‘তোলা’ ছাড়াই তাদের পণ্য বিক্রি করতে পারেন এবং পাইকারি ব্যবসায়ীরা যাতে হয়রানি মুক্ত থাকেন, সরকার তা নিশ্চিত করবে। চাঁদাবাজ ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়ে ওএমএস কার্যক্রমের পরিধি বাড়ানো হবে, যাতে নিম্ন ও মধ্যবিত্ত মানুষ সুলভে পণ্য কিনতে পারেন।
প্রতিবেশী বৃহৎ একটি দেশের ওপর একক নির্ভরতা কমিয়ে আমদানির উৎস বহুমুখী করার পরিকল্পনাও তুলে ধরেন তিনি।
এছাড়া বাজারে প্রতিযোগিতা বাড়াতে নতুন উদ্যোক্তাদের ঋণ সুবিধা, কোল্ড স্টোরেজ নির্মাণ ও সরবরাহ ব্যবস্থা আধুনিকায়নের মাধ্যমে একটি স্বচ্ছ ও জনবান্ধব বাজার ব্যবস্থা গড়ার প্রত্যয় ব্যক্ত করেন এই নেতা।
এনএন/ ৯ ফেব্রুয়ারি ২০২৬









