৪৪তম বিসিএস: ২৪৪ কর্মকর্তাকে সহকারী কমিশনার পদে পদায়ন

ঢাকা, ৯ ফেব্রুয়ারি – ৪৪তম বিসিএস প্রশাসন ক্যাডারের ২৪৪ জন কর্মকর্তাকে সহকারী কমিশনার পদে পদায়ন করেছে সরকার। তাদের বিভিন্ন বিভাগের বিভাগীয় কমিশনারের অধীনে ন্যস্ত করা হয়েছে।
রোববার (৮ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ৪৪তম বিসিএস পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) গত ৩০ নভেম্বরের সুপারিশ অনুযায়ী এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিয়োগ শাখার ৫ ফেব্রুয়ারির প্রজ্ঞাপনের পরিপ্রেক্ষিতে ২৪৪ জন কর্মকর্তাকে বিসিএস (প্রশাসন) ক্যাডারে সহকারী কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের শিক্ষানবিশ সহকারী কমিশনার হিসেবে যথাযথ পদে পদায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট বিভাগের বিভাগীয় কমিশনারদের অধীনে দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়া যোগদানের সঙ্গে সঙ্গে এসব সহকারী কমিশনারকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতাও অর্পণ করা হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখিত বিভাগ অনুযায়ী তাদের আগামীকাল সোমবার (৯ ফেব্রুয়ারি) সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।
এনএন/ ৯ ফেব্রুয়ারি ২০২৬









