নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা ধরে রাখা জরুরি

ঢাকা, ৯ ফেব্রুয়ারি – নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা ধরে রাখা জরুরি বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, আমরা কেউই চিরস্থায়ী নই, কিন্তু নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা দিতে হবে। তারা যেন জানতে পারে এই দেশ কোথা থেকে এসেছে, কীভাবে যুদ্ধ হয়েছে। যুদ্ধ তো একবারেই শেষ নয়, সামনে আরও যুদ্ধ আসতে পারে। আমাদের মহান স্বাধীনতাযুদ্ধ যেন প্রজন্ম থেকে প্রজন্মে অনুপ্রেরণা হিসেবে বেঁচে থাকে।
রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সদস্যদের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন তিনি। এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজমও উপস্থিত ছিলেন।
বৈঠকে প্রধান উপদেষ্টা আরও বলেন, দায়িত্ব নেওয়ার পরপরই তাদের লক্ষ্য ছিল প্রকৃত মুক্তিযোদ্ধাদের খুঁজে বের করা এবং ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করার উদ্যোগ নেওয়া। তিনি বলেন, বাংলাদেশের মানুষ মুক্তিযোদ্ধাদের অসম্ভব শ্রদ্ধা করে। এই শ্রদ্ধাকে পুঁজি করে অতীতে অনেকেই নিজের স্বার্থ হাসিলের চেষ্টা করেছে। ভবিষ্যতে যেন আর এমনটা না হয়, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করে যেতে হবে।
এদিকে আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের সুনাম ধরে রাখতে দক্ষতা উন্নয়ন সংক্রান্ত সার্টিফিকেশন জালিয়াতি রোধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বিভিন্ন প্রশিক্ষণ সনদের জালিয়াতি এবং ভুয়া সনদের ব্যবহার বন্ধে কার্যকর উদ্যোগ নিতে তিনি সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।
গতকাল তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) গভর্নিং বডির সভায় তিনি এসব নির্দেশনা দেন। ২০১৮ সালে প্রতিষ্ঠিত এনএসডিএর এটি ছিল গভর্নিং বডির দ্বিতীয় সভা। এর আগে ২০২২ সালে এই গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছিল।
এনএন/ ৯ ফেব্রুয়ারি ২০২৬









