জিয়াউল আহসানের মামলায় প্রথম দিনের সাক্ষ্য শেষ, সোমবার আবার শুনানি

ঢাকা, ৮ ফেব্রুয়ারি – আওয়ামী লীগ সরকারের সময় শতাধিক গুম ও খুনের ঘটনায় অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। মামলার প্রথম দিনে আজ রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়া।
জবানবন্দি শেষ না হওয়ায় আদালত আগামীকাল সোমবার (৯ ফেব্রুয়ারি) পরবর্তী শুনানির দিন নির্ধারণ করেছেন।
রোববার (৮ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে দুই সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অপর সদস্য ছিলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ।
আদালত সূত্র জানায়, শুনানির শুরুতে প্রসিকিউটর গাজী এমএইচ তামিম মামলার সূচনা বক্তব্য উপস্থাপন করেন। এরপর প্রথম সাক্ষী হিসেবে কাঠগড়ায় দাঁড়িয়ে জবানবন্দি দেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। তিনি তার বক্তব্যে সেনাবাহিনীর সদস্যদের মধ্যে গুম ও খুনের প্রবণতা কীভাবে ঢুকে পড়ে এবং র্যাব নিয়ে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। জবানবন্দি অসমাপ্ত থাকায় ট্রাইব্যুনাল আগামীকাল পর্যন্ত শুনানি মুলতবি করেন।
মামলার একমাত্র আসামি জিয়াউল আহসানকে আজ সকালে কারাগার থেকে প্রিজন ভ্যানে করে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এ সময় প্রসিকিউশনের পক্ষে উপস্থিত ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম ও শাইখ মাহদী। আর আসামিপক্ষে ছিলেন আইনজীবী মুনসুরুল হক চৌধুরী ও নাজনীন নাহার।
এর আগে গত ১৪ জানুয়ারি জিয়াউল আহসানের বিরুদ্ধে তিনটি সুনির্দিষ্ট অভিযোগ গঠনের মাধ্যমে ট্রাইব্যুনাল-১ বিচার শুরুর আদেশ দেন। প্রথম অভিযোগে বলা হয়, ২০১১ সালের ১১ জুলাই রাতে গাজীপুর সদর থানার পুবাইলে জিয়াউলের সরাসরি উপস্থিতিতে সজলসহ তিনজনকে হত্যা করা হয়। দ্বিতীয় অভিযোগে ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত বরগুনার পাথরঘাটা উপজেলার বলেশ্বর নদীর মোহনায় নজরুল ও মল্লিকসহ ৫০ জনকে হত্যার দায় আনা হয়েছে। তৃতীয় অভিযোগটিও ৫০ জনকে হত্যার ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট।
উল্লেখ্য, ২০২৪ সালের ২৩ ডিসেম্বর এই মামলায় জিয়াউল আহসানকে গ্রেপ্তার দেখানো হয়। আজ সাক্ষ্যগ্রহণের মাধ্যমে আলোচিত এই মামলার বিচারিক কার্যক্রম আরও এক ধাপ এগিয়ে গেল।
এনএন/ ৮ ফেব্রুয়ারি ২০২৬









