মোসাদের হয়ে কাজ করতে প্রশিক্ষণ নিয়েছিলেন এপস্টিন: এফবিআই নথি

যুক্তরাষ্ট্র, ৮ ফেব্রুয়ারি – যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টিন ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করার লক্ষ্যে বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করেছিলেন। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের ২০২০ সালের একটি গোপন নথির বরাতে চাঞ্চল্যকর এই তথ্য প্রকাশ করেছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, এপস্টিন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাকের সরাসরি তত্ত্বাবধানে এই গোয়েন্দা প্রশিক্ষণ নিয়েছিলেন। এফবিআইয়ের নথিতে থাকা তথ্যের ভিত্তিতে এক গোপন সূত্র দাবি করেছে, এপস্টিনের আইনজীবী ও হার্ভার্ডের আইনের অধ্যাপক অ্যালান ডারশোভিটজের সঙ্গে তার একাধিক ফোনালাপের বিবরণ পাওয়া গেছে। ফোনালাপের পরপরই মোসাদের পক্ষ থেকে ডারশোভিটজকে কল দিয়ে বিস্তারিত তথ্য আদান-প্রদান করা হতো। সংশ্লিষ্ট সূত্রটির মতে, পুরো বিষয়টি ছিল একটি পরিকল্পিত গোয়েন্দা অপারেশনের অংশ এবং ডারশোভিটজ নিজেও মোসাদের প্রভাব বলয়ের অন্তর্ভুক্ত ছিলেন।
উল্লেখ্য, ডারশোভিটজ ডোনাল্ড ট্রাম্প, হার্ভে ওয়াইনস্টাইন এবং জেফরি এপস্টিনের মতো প্রভাবশালী ব্যক্তিদের আইনি পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সূত্রটি আরও দাবি করে যে, এপস্টিন একইসঙ্গে যুক্তরাষ্ট্র এবং তার মিত্র দেশগুলোর গোয়েন্দা সংস্থার হয়েও কাজ করতেন। এদিকে এফবিআইয়ের এই নথি প্রকাশের পর ইসরায়েলি রাজনীতিতে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক দীর্ঘ পোস্টে সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাকের কঠোর সমালোচনা করেছেন।
নেতানিয়াহু মন্তব্য করেন, এপস্টিনের সঙ্গে এহুদ বারাকের অস্বাভাবিক ঘনিষ্ঠতা ইসরায়েলের সঙ্গে তার সম্পৃক্ততার প্রমাণ বহন করে। তিনি অভিযোগ করেন, গত দুই দশক ধরে নির্বাচনে পরাজয়ের ক্ষোভ থেকে বারাক বর্তমান সরকারকে উৎখাতের এবং ইসরায়েলি গণতন্ত্রকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। প্রসঙ্গত, ২০১৫ ও ২০১৬ সালে নিউইয়র্কে জেফরি এপস্টিনের বাসভবনে এহুদ বারাকের যাতায়াতের ছবি প্রকাশ পাওয়ার পর আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ব্যাপক বিতর্কের জন্ম হয়েছিল।
এসএএস/ ৮ ফেব্রুয়ারি ২০২৬









