ঢাকাকে নিরাপদ শহর ও ৪০টি খেলার মাঠ গড়ার প্রতিশ্রুতি তারেক রহমানের

ঢাকা, ৮ ফেব্রুয়ারি – আগামী নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করতে পারলে ঢাকা শহরকে ‘নিরাপদ শহর’ হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
রবিবার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর মিরপুরের ইসিবি চত্বরে ঢাকা-১৭ আসনে আয়োজিত এক নির্বাচনী পথসভায় তিনি এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
তারেক রহমান বলেন, আমার দল আপনাদের ভোটে নির্বাচিত হলে ঢাকাকে এমন একটি নিরাপদ শহরে রূপান্তরিত করা হবে যেখানে মা ও বোনেরা দিনরাত নির্ভয়ে চলাফেরা করতে পারবেন। মানুষ নিরাপদে বসবাস এবং ব্যবসা-বাণিজ্য করতে পারবেন।
আমরা ঢাকাকে একটি বাসযোগ্য ও প্রাণভরে শ্বাস নেওয়ার মতো সুন্দর নগরী হিসেবে গড়ে তুলতে চাই। শহরের নাগরিকদের মানসিক বিকাশ ও শরীরচর্চার সুবিধার কথা উল্লেখ করে তিনি বলেন, আল্লাহ চাইলে আগামী ১২ তারিখ বিএনপি সরকার গঠন করলে কেবল এই এলাকাতেই নয়, পুরো ঢাকা শহরে অন্তত ৪০টি খেলার মাঠ তৈরি করা হবে। এতে আমাদের সন্তানরা যেমন খেলাধুলা করতে পারবে, তেমনি বয়োজ্যেষ্ঠরা এবং নারীরা বিকেলের বা প্রয়োজনের সময়ে হাঁটাহাঁটি করতে পারবেন।
এছাড়া ইসিবি চত্বর থেকে জসিম উদ্দিন পর্যন্ত সড়কটি প্রস্তুত করে দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি।
নিজেকে ঢাকা-১৭ আসনের সন্তান উল্লেখ করে তারেক রহমান এলাকাবাসীর কাছে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। তিনি বলেন, আমি এই এলাকারই সন্তান এবং এখানেই বেড়ে উঠেছি। তাই এলাকার মুরুব্বি ও ভাইবোনদের কাছে আমি ধানের শীষের বিজয় নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি।
পথসভায় উপস্থিত ছিলেন তারেক রহমানের প্রধান নির্বাচনী এজেন্ট আবদুস সালাম, অধ্যাপক ফরহাদ হালিম ডোনার ও নাজিম উদ্দিন আলম প্রমুখ। ইসিবি চত্বরের সমাবেশ শেষে তিনি মিরপুর ও আশপাশের অন্যান্য নির্বাচনী এলাকায় গণসংযোগের উদ্দেশ্যে রওনা হন।
এনএন/ ৮ ফেব্রুয়ারি ২০২৬









