রাজধানীতে ‘অপারেশন ডেভিল হান্ট’: বিপুল অস্ত্রসহ গ্রেফতার ৬

ঢাকা, ৮ ফেব্রুয়ারি – রাজধানীর বিভিন্ন এলাকায় ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনা করে ছয়জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শনিবার দিনব্যাপী অভিযান চালিয়ে মোহাম্মদপুর, বাড্ডা, বংশাল, ভাষানটেক ও ভাটারা থানা পুলিশ এসব গ্রেফতার কার্যক্রম সম্পন্ন করে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযানে মোহাম্মদপুর থানা পুলিশ মো. জহিরুল ইসলাম জহির নামের একজনকে গ্রেফতার করে এবং তার কাছ থেকে দুটি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়। বাড্ডা থানা পুলিশ অভিযানে মেহেদী হাসান দীপু ওরফে দীপুকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে তিনটি রিভলভার, নয়টি পিস্তল, একটি রাইফেল, একটি একনলা ও একটি দুই নলা এয়ারগান, দশটি গুলিভর্তি ম্যাগাজিন, ৭৪ রাউন্ড গুলি, দুটি খালি ম্যাগাজিনসহ বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়।
এছাড়া বংশাল থানা পুলিশ সোহেল নামের একজনকে এবং ভাষানটেক থানা পুলিশ মোছা. সাথী আক্তার ও মো. সাজ্জাদ হোসেন নামের দুজনকে গ্রেফতার করে। পাশাপাশি ভাটারা থানা পুলিশ শামসু নামের আরেকজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।
এস এম/ ৮ ফেব্রুয়ারি ২০২৬









