উত্তর আমেরিকা

৩০০ সাংবাদিক ছাঁটাইয়ের পর পদত্যাগ করলেন ওয়াশিংটন পোস্টের প্রকাশক উইল লুইস

ওয়াশিংটন, ৮ ফেব্রুয়ারি – যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের প্রকাশক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) উইল লুইস তাঁর পদ থেকে সরে দাঁড়িয়েছেন।

সম্প্রতি প্রতিষ্ঠানটি থেকে তিন শতাধিক সাংবাদিক ছাঁটাইয়ের ঘটনার পর তীব্র সমালোচনার মুখে স্থানীয় সময় শনিবার তিনি পদত্যাগের এই ঘোষণা দেন। তাঁর স্থলাভিষিক্ত হিসেবে ভারপ্রাপ্ত প্রকাশকের দায়িত্ব গ্রহণ করবেন জেফ ডি’অনোফ্রিয়ো।

কর্মীদের উদ্দেশ্যে দেওয়া এক সংক্ষিপ্ত বার্তায় উইল লুইস পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন। তিনি পত্রিকার স্বত্বাধিকারী ও অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসকে ধন্যবাদ জানিয়ে উল্লেখ করেন যে সংবাদমাধ্যমটির ভবিষ্যতের স্বার্থে কিছু কঠিন সিদ্ধান্ত নেওয়া জরুরি ছিল।

নোটে তিনি বলেন, ওয়াশিংটন পোস্টে দুই বছরের পরিবর্তনের পর সরে যাওয়ার জন্য এটিই উপযুক্ত সময়। টেকসই ভবিষ্যতের কথা চিন্তা করেই তাঁর দায়িত্বকালে কঠোর পদক্ষেপ নিতে হয়েছে যেন এটি লাখো পাঠকের কাছে খবর পৌঁছে দিতে পারে।

অন্যদিকে সিএনএন তাদের প্রতিবেদনে জানিয়েছে যে গত বুধবার যখন কর্মী ছাঁটাইয়ের প্রক্রিয়া চলছিল তখন লুইস অফিসে অনুপস্থিত ছিলেন এবং একটি স্টেডিয়ামে খেলা দেখতে গিয়েছিলেন। বিষয়টি চাকরি হারানো কর্মী ও বর্তমান সহকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছিল। আর্থিক ব্যবস্থাপনা ও ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়ে তিনি বেশ কিছুদিন ধরেই তোপের মুখে ছিলেন।

এনএন/ ৮ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language