নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টি করতেই বন্দরে আন্দোলন: নৌপরিবহন উপদেষ্টা

ঢাকা, ৮ ফেব্রুয়ারি – আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যেই চট্টগ্রাম বন্দরে আন্দোলন শুরু করা হয়েছে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, এই অযৌক্তিক আন্দোলন কর্মসূচি দ্রুত প্রত্যাহার করা না হলে সরকার কঠোর অবস্থানে যেতে বাধ্য হবে।
রবিবার দুপুরে রাজধানীর সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
নৌপরিবহন উপদেষ্টা জানান, তিনি ব্যক্তিগতভাবে ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেছেন এবং তাদের বোঝানোর চেষ্টা করেছেন। কিন্তু তারা এখন নতুন করে এমন সব দাবি উপস্থাপন করছে যা অনেকটা রাজনৈতিক দাবির মতো মনে হচ্ছে। নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি। এমন সময়ে ওই নির্বাচনী এলাকায় গোলযোগ সৃষ্টি করা হলে তা নিয়ে সারা দেশে প্রশ্ন উঠবে।
সাখাওয়াত হোসেন আরও বলেন, গুটি কয়েক মানুষের জন্য দেশের ১৮ কোটি মানুষকে জিম্মি করা হচ্ছে। বিষয়টি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ কারণেই সরকার কঠোর অবস্থান বা হার্ডলাইনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ইতোমধ্যে কয়েকজনকে আইনের আওতায় আনা হয়েছে এবং বাকিদেরও গ্রেপ্তার করা হবে বলে জানান তিনি।
এনএন/ ৮ ফেব্রুয়ারি ২০২৬









