নির্বাচন উপলক্ষে ১০ ফেব্রুয়ারির ছুটির বিষয়ে সরকারের নতুন নির্দেশনা

ঢাকা, ৮ ফেব্রুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে আগামী ১০ ফেব্রুয়ারির ছুটির বিষয়ে নতুন নির্দেশনা দিয়েছে সরকার। রবিবার রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি অনুবিভাগের সহকারী সচিব এ বি এম আবু বাকার ছিদ্দিক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রজ্ঞাপনে জানানো হয় যে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচন উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি নির্বাহী আদেশে দেশব্যাপী সরকারি ছুটি কার্যকর থাকবে।
পাশাপাশি শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য ১০ তারিখের বিশেষ ছুটিও বহাল থাকবে। তবে নতুন নির্দেশনায় বলা হয়েছে যে শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের বিশেষ ছুটি ভোগের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চাইলে চলতি মাসের ১০ তারিখের পর সুবিধাজনক যেকোনো একটি সাপ্তাহিক ছুটির দিনকে কর্মদিবস হিসেবে ঘোষণা করতে পারবে। অর্থাৎ ১০ ফেব্রুয়ারি ছুটি কাটালে পরবর্তীতে চলতি মাসের অন্য কোনো সাপ্তাহিক ছুটির দিনে অফিস বা কারখানা খোলা রাখা যাবে।
এস এম/ ৮ ফেব্রুয়ারি ২০২৬









