জাতীয়

৭ দিনে দেশে রেমিট্যান্স এল ৭৯ কোটি ৩০ লাখ ডলার

ঢাকা, ৮ ফেব্রুয়ারি – চলতি ফেব্রুয়ারি মাসের প্রথম সাত দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ৭৯ কোটি ৩০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। এই হিসাব অনুযায়ী, আলোচ্য সময়ে প্রতিদিন গড়ে দেশে রেমিট্যান্স এসেছে ১১ কোটি ৩৩ লাখ ডলার।

রোববার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত বছরের একই সময়ে অর্থাৎ ফেব্রুয়ারির প্রথম ৭ দিনে রেমিট্যান্স এসেছিল ৬৫ কোটি ৫০ লাখ ডলার। সেই হিসেবে এক বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, চলতি অর্থবছরের জুলাই থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ২২ কোটি ৬০ লাখ ডলার। এটি আগের বছরের একই সময়ের তুলনায় ২১ দশমিক ৭০ শতাংশ বেশি। এর আগে সদ্য বিদায়ী জানুয়ারি মাসে দেশে রেমিট্যান্স এসেছিল ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার, যা একক মাস হিসেবে ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ এবং চলতি অর্থবছরের দ্বিতীয় সর্বোচ্চ।

তাছাড়া গত ডিসেম্বরে রেমিট্যান্স আহরিত হয়েছিল ৩২২ কোটি ৬৭ লাখ ডলার। এটি ছিল দেশের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ এবং চলতি অর্থবছরের কোনো এক মাসে আসা সর্বোচ্চ প্রবাসী আয়। ধারাবাহিকতা বজায় রেখে গত নভেম্বর, অক্টোবর ও সেপ্টেম্বরেও রেমিট্যান্স প্রবাহ সন্তোষজনক ছিল। উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের প্রবাহ এখন পর্যন্ত বেশ শক্তিশালী অবস্থানে রয়েছে যা অর্থনীতির জন্য ইতিবাচক বার্তা বহন করছে।

এস এম/ ৮ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language