জাতীয়

রংপুরে নির্বাচনী প্রচার তুঙ্গে, ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত ২১৬টি

রংপুর, ৮ ফেব্রুয়ারি – জাতীয় সংসদ নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে রংপুরে নির্বাচনী প্রচার-প্রচারণা ততই জমে উঠছে।

জেলার ছয়টি সংসদীয় আসনে এবার বিএনপি, জাতীয় পার্টি, জামায়াতে ইসলামী, এনসিপি ও ইসলামী আন্দোলনসহ ১৪টি রাজনৈতিক দলের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। দলীয় প্রার্থী ছাড়াও সাতজন স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৪৪ জন প্রার্থী মাঠে রয়েছেন। সরেজমিনে দেখা গেছে শহরের ভোটারদের তুলনায় গ্রামাঞ্চলের ভোটারদের মধ্যে ভোট নিয়ে আগ্রহ ও উদ্দীপনা বেশি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্যমতে রংপুর সিটি করপোরেশন ও উপজেলার মোট ২১টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং এসব কেন্দ্রে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। রংপুর সদর উপজেলার শ্যামপুর, পাগলাপীর ও মমিনপুরসহ বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে ভোটের উৎসবমুখর পরিবেশ।

গ্রামের মোড়ে মোড়ে ভোট নিয়ে চলছে নানা আলোচনা এবং প্রার্থীদের নিয়ে তর্ক-বিতর্ক। শ্যামপুর এলাকার ভোটার সামছুজ্জামান জানান যে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হওয়ার আশায় এবার ভোটার উপস্থিতি বিগত সময়ের চেয়ে বেশি হবে বলে তিনি মনে করেন। পাগলাপীর এলাকার লিমন মিয়াও একই ধরনের আশাবাদ ব্যক্ত করেছেন। জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে রংপুর জেলার ছয়টি সংসদীয় আসনে ৮৭৩টি ভোটকেন্দ্রে এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে ২১৬টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ এবং বাকিগুলো সাধারণ কেন্দ্র হিসেবে বিবেচিত হবে। প্রাপ্ত তথ্য অনুযায়ী রংপুর সদর উপজেলার পাঁচটি ইউনিয়নে ৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে ১১টি, গঙ্গাচড়া উপজেলায় ৮টি, তারাগঞ্জ উপজেলায় ৭টি, বদরগঞ্জ উপজেলায় ৮টি, মিঠাপুকুর উপজেলায় ৯টি, পীরগঞ্জ উপজেলায় ২৯টি, পীরগাছা উপজেলায় ১১টি এবং কাউনিয়া উপজেলায় ১২টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ তালিকায় রয়েছে। অপরদিকে রংপুর মেট্রোপলিটন এলাকার কোতোয়ালি থানা এলাকায় ৩১টি, হারাগাছ থানা এলাকায় ৩৫টি, হাজিরহাট থানা এলাকায় ১৫টি, মাহিগঞ্জ থানা এলাকায় ১৪টি, পরশুরাম থানা এলাকায় ১০টি এবং তাজহাট থানা এলাকায় ১৬টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। আরপিএমপির উপ-পুলিশ কমিশনার তোফায়েল হোসেন জানিয়েছেন যে নির্বাচনী এলাকায় শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানে কমিশনের নির্দেশনা অনুযায়ী পুলিশ বাহিনী কাজ করে যাচ্ছে।

এস এম/ ৮ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language