সরকারের দম ফুরিয়ে এসেছে, এখন বিদায়ের সময়: দেবপ্রিয় ভট্টাচার্য

রাজধানী, ৮ ফেব্রুয়ারি – প্রধান উপদেষ্টার বক্তব্যের সঙ্গে বাস্তব কাজের মিল নেই বলে মন্তব্য করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি অভিযোগ করেন যে প্রধান উপদেষ্টা সবাইকে এক ছাতার নিচে আনার কথা বললেও বাস্তবে সেই ছাতা খোলা হয়নি এবং বৃষ্টিতে সবাই ভিজছে।
রবিবার রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ বা সিজিএস আয়োজিত এক গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। দেবপ্রিয় ভট্টাচার্য মনে করেন বর্তমান সরকারের সংস্কার ও বিচার করার সক্ষমতা এখন শেষ প্রান্তে এবং তাদের দম ফুরিয়ে এসেছে। তার মতে এখন সরকারের উচিত সর্বোচ্চ একটি ভালো ও সহিংসতাহীন নির্বাচন আয়োজনের দিকে মনোযোগ দেওয়া কারণ তাদের বিদায়ের সময় হয়েছে। ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলা নিয়ে সরকারি তথ্যের কঠোর সমালোচনা করে তিনি বলেন সরকারের ভেতর থেকেই তথ্য খণ্ডিতভাবে উপস্থাপন করে বুদ্ধিবৃত্তিক অপপ্রচার চালানো হচ্ছে। তিনি উদাহরণ হিসেবে বলেন চলতি বছরের জানুয়ারি মাসে সংখ্যালঘুদের ওপর ৬৪৫টি হামলার ঘটনা ঘটলেও মাত্র ৭১টি ঘটনাকে সাম্প্রদায়িক হিসেবে দেখানো হয়েছে যা বাস্তবতাকে আড়াল করার নামান্তর।
তার প্রশ্ন জমি বা ব্যবসা সংক্রান্ত বিরোধের জেরে দুর্বল জনগোষ্ঠীর ওপর হামলা হলে কেন সেটিকে সাম্প্রদায়িক সহিংসতা বলা হবে না। তিনি বলেন যখন বুদ্ধিবৃত্তিক অপপ্রচার বিকৃতির রূপ নেয় তখন সেই সরকারের বিদায়ের ঘণ্টা বেজে যায়। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন রাজনৈতিক দলগুলোর ইশতেহারে আরো স্পষ্ট অঙ্গীকার থাকা উচিত এবং নারী সংখ্যালঘু ও ভিন্নমতের সবার অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
ভোটের সময় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব বলে উল্লেখ করে তিনি বলেন একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে পারলে সরকার ইতিহাসে কিছুটা জায়গা পেতে পারে। অনুষ্ঠানে অঙ্গীকার থেকে অনুশীলন শীর্ষক গবেষণা প্রতিবেদনটি উপস্থাপন করেন সিজিএসের সভাপতি জিল্লুর রহমান এবং আলোচনায় অংশ নেন ড. সেলিম জাহান ও ড. বদিউল আলম মজুমদারসহ বিশিষ্ট নাগরিকরা।
এ এম/ ৮ ফেব্রুয়ারি ২০২৬









