জাতীয়

‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ: প্রবাসীদের ৪ লাখের বেশি ব্যালট দেশে পৌঁছেছে

বাংলাদেশ, ৮ ফেব্রুয়ারি – আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকৃত প্রবাসীদের পাঠানো ৪ লাখ ২৮ হাজার ৮২৮টি পোস্টাল ব্যালট বাংলাদেশে এসে পৌঁছেছে। রবিবার প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক প্রকল্প ‘ওসিভি-এসডিআই’-এর টিম লিডার সালীম আহমাদ খান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রবিবার বেলা ১১টা পর্যন্ত অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসীদের অনুকূলে মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট প্রেরণ করা হয়েছে। প্রেরিত ব্যালটগুলোর মধ্যে ৫ লাখ ২৭ হাজার ৪৫০ জন প্রবাসী তাদের ব্যালট গ্রহণ করেছেন। এদের মধ্যে ৫ লাখ ৩ হাজার ৪৪১ জন ইতোমধ্যে তাদের ভোটাধিকার প্রয়োগ সম্পন্ন করেছেন। এছাড়া ৪ লাখ ৮৪ হাজার ৭৬৫ জন প্রবাসী ভোটার তাদের পূরণকৃত ব্যালট সংশ্লিষ্ট দেশের ডাক বিভাগে জমা দিয়েছেন। জমাকৃত ব্যালটের মধ্যে ৩ লাখ ১৮ হাজার ১২৫টি ব্যালট ইতোমধ্যে রিটার্নিং কর্মকর্তাদের হাতে পৌঁছেছে। প্রবাসী ভোটারদের পাশাপাশি দেশের অভ্যন্তরে অবস্থানরত ভোটারদের কাছেও পোস্টাল ব্যালট পাঠানোর কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন। এখন পর্যন্ত দেশের অভ্যন্তরে ৭ লাখ ৬০ হাজার ৮৯৮ জন নিবন্ধিত ভোটারের ঠিকানায় ব্যালট পাঠানো হয়েছে।

নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্যানুযায়ী, রবিবার বেলা ১১টা পর্যন্ত দেশের ভেতরে ৪ লাখ ৪৩ হাজার ৫৪২ জন ভোটার তাদের ব্যালট গ্রহণ করেছেন। এর মধ্যে ৩ লাখ ৮৮ হাজার ৮৯৮ জন ভোট দিয়েছেন এবং ৩ লাখ ৪৪ হাজার ৮২৬ জন তাদের ব্যালট ডাক বিভাগে জমা দিয়েছেন। রিটার্নিং কর্মকর্তারা এখন পর্যন্ত ১ লাখ ৫২ হাজার ৭৭টি ব্যালট গ্রহণ করেছেন। সালীম আহমাদ খান আরও জানান, এবারের নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার জন্য দেশে ও বিদেশে মিলিয়ে সর্বমোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন সম্পন্ন করেছেন।

এ এম/ ৮ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language