জাতীয়

১৫ ফেব্রুয়ারি বাজারে আসছে দেশের প্রথম বিটিসিএল এমভিএনও সিম

ঢাকা, ৮ ফেব্রুয়ারি – দেশের টেলিযোগাযোগ খাতে নতুন সংযোজন হিসেবে আগামী ১৫ ফেব্রুয়ারি বাজারে আসছে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) মোবাইল ভার্চুয়াল নেটওয়ার্ক অপারেটর (এমভিএনও) সিম। একই সঙ্গে ভয়েস, ডেটা ও কনটেন্টসমন্বিত ট্রিপল-প্লে প্যাকেজও গ্রাহকদের জন্য উন্মুক্ত করা হবে। প্রাথমিক পর্যায়ে বিটিসিএলের রমনা, গুলিস্তান ও গুলশান বিক্রয়কেন্দ্র থেকে এই সেবা পাওয়া যাবে।

রোববার (৮ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। পোস্টে তিনি জানান, ইনশাআল্লাহ ১৫ ফেব্রুয়ারি থেকে বিটিসিএল এমভিএনও সিম এবং ভয়েস, ডেটা ও কনটেন্টসমন্বিত ট্রিপল-প্লে প্যাকেজ নির্ধারিত বিক্রয়কেন্দ্রগুলোতে পাওয়া যাবে।

এর আগে বিটিসিএল প্রথমবারের মতো এমভিএনও মডেলে আনলিমিটেড কোয়াড-প্লে সেবা পরীক্ষামূলকভাবে চালু করে। গত ৩ ফেব্রুয়ারি রাজধানীর রমনায় বিটিসিএলের কার্যালয়ে এই পরীক্ষামূলক সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এমভিএনও মডেলে নিজস্ব মোবাইল নেটওয়ার্ক অবকাঠামো ছাড়াই মোবাইল সেবা দেওয়া হয়। প্রাথমিক পর্যায়ে বিটিসিএল, টেলিটক বাংলাদেশ লিমিটেডের নেটওয়ার্ক ব্যবহার করে গ্রাহকদের এই সেবা দেবে। এর আওতায় গ্রাহকরা আনলিমিটেড ভয়েস কল ও আনলিমিটেড মোবাইল ইন্টারনেট সুবিধা পাবেন। পাশাপাশি অ্যাপভিত্তিক আইপি কলিং সেবা ‘আলাপ’-ও এতে অন্তর্ভুক্ত থাকবে।

এমভিএনও সেবার সঙ্গে আরও যুক্ত করা হচ্ছে জিপন সংযোগ ও রাউটারসহ আনলিমিটেড ব্রডব্যান্ড ইন্টারনেট সুবিধা। একই সঙ্গে জনপ্রিয় ওটিটি কনটেন্ট প্ল্যাটফর্ম ‘টফি’-তে নাটক, সিনেমাসহ বিভিন্ন ডিজিটাল কনটেন্ট উপভোগের সুযোগ থাকবে। আনলিমিটেড ভয়েস, মোবাইল ডেটা, ব্রডব্যান্ড ইন্টারনেট ও ডিজিটাল কনটেন্ট—এই চারটি সেবাকে একীভূত করে গ্রাহকদের কোয়াড-প্লে সুবিধা দেওয়া হবে।

ফেসবুক পোস্টে ফয়েজ আহমদ তৈয়্যব আরও জানান, দেশের প্রথম বিটিসিএল এমভিএনও সিমটি ইতোমধ্যে সফলভাবে সচল হয়েছে। এর আওতায় ভয়েস কল, ডাটা কল, আলাপ টু মোবাইল নেটওয়ার্ক, আলাপ টু আলাপ এবং জিপন ইন্টিগ্রেশন—এই চারটি ইভেন্টের প্রভিশনিং সফলভাবে সম্পন্ন হয়েছে। পাশাপাশি কল টেস্টও সফলভাবে শেষ হয়েছে।

তিনি বলেন, সবকিছু ঠিক থাকলে আগামী ৮ ফেব্রুয়ারি থেকেই বিটিসিএল এমভিএনও সেবার লাইভ পাইলট কার্যক্রম শুরু হবে।

উল্লেখ্য, গত বছরের ২৫ নভেম্বর সরকার পরীক্ষামূলকভাবে বিটিসিএলকে এমভিএনও নেটওয়ার্ক চালুর অনুমোদন দেয়।

এনএন/ ৮ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language