কক্সবাজার

উখিয়ায় ক্যাম্পের বাইরে অভিযান, সহস্রাধিক রোহিঙ্গা আটক

উখিয়া, ৮ ফেব্রুয়ারি – উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালীসহ আশেপাশের এলাকায় যৌথ বাহিনীর বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।

রোববার ভোর থেকে শুরু হওয়া এই অভিযানে ক্যাম্পের বাইরে অবৈধভাবে অবস্থানরত প্রায় সহস্রাধিক রোহিঙ্গাকে আটক করা হয়েছে। যৌথ বাহিনী জানিয়েছে, অভিযান চলমান থাকায় আটকের সঠিক সংখ্যা চূড়ান্তভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি। সেনাবাহিনী সূত্র নিশ্চিত করেছে যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই কঠোর অবস্থান নেওয়া হয়েছে। ক্যাম্পের সীমানা লঙ্ঘন করে স্থানীয়দের জমিতে ঘর তৈরি করে অথবা ভাড়া বাসায় অবস্থান করা এসব রোহিঙ্গা স্থানীয় নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করছিল বলে প্রশাসন মনে করছে।

আটককৃতদের এখনই ক্যাম্পে ফেরত না পাঠিয়ে একটি নির্দিষ্ট স্থানে জড়ো করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারা কেন ক্যাম্প ত্যাগ করেছে এবং নির্বাচন ঘিরে তাদের কোনো অপব্যবহারের আশঙ্কা আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। যাচাই বাছাই শেষে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় তাদের নিজ নিজ ক্যাম্পে পাঠানোর ব্যবস্থা করা হবে। উল্লেখ্য, এর আগে গত সপ্তাহে চট্টগ্রামের চন্দনাইশ ও লোহাগাড়াসহ বিভিন্ন এলাকা থেকে পাঁচ শতাধিক রোহিঙ্গাকে আটক করে ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছিল এবং এই অভিযান চট্টগ্রাম বিভাগজুড়ে অব্যাহত রয়েছে।

এস এম/ ৮ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language