এশিয়া

থাইল্যান্ডে সাধারণ নির্বাচনের সঙ্গে চলছে গণভোটও

থাইল্যান্ড, ৮ ফেব্রুয়ারি – থাইল্যান্ডে আজ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সাধারণ নির্বাচনের পাশাপাশি দেশটির নাগরিকেরা একটি গুরুত্বপূর্ণ গণভোটেও অংশ নিচ্ছেন। ২০১৭ সালে সামরিক জান্তা সরকার প্রণীত সংবিধান পরিবর্তন করা হবে কি না, সেই সিদ্ধান্ত নিতেই এই গণভোটের আয়োজন করা হয়েছে। রোববার আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, বর্তমান তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুলের নেতৃত্বাধীন ভূমজাইথাই পার্টি রাজতন্ত্র ও সেনাবাহিনীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। ক্ষমতাসীন গোষ্ঠীর কাছে এই দলটিই প্রধান পছন্দ ও রক্ষাকবচ হিসেবে বিবেচিত হচ্ছে। গত সেপ্টেম্বরে পেতংতার্ন শিনাওয়াত্রার স্থলাভিষিক্ত হয়ে প্রধানমন্ত্রী হন অনুতিন। এর আগে তিনি পেতংতার্ন শিনাওয়াত্রার মন্ত্রিসভায় দায়িত্ব পালন করেছিলেন।

প্রতিবেশী কম্বোডিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পরিচালনায় ব্যর্থতা ও নৈতিকতা লঙ্ঘনের অভিযোগে পেতংতার্নকে ক্ষমতা ছাড়তে হয়। এরপর অনুতিন অনাস্থা প্রস্তাবের মুখে সংসদ ভেঙে দিয়ে ডিসেম্বরে নতুন নির্বাচনের ঘোষণা দেন। নির্বাচনী প্রচারণায় অনুতিন অর্থনৈতিক প্রণোদনা এবং জাতীয় নিরাপত্তাকে প্রধান ইস্যু হিসেবে তুলে ধরেছেন। বিশেষ করে কম্বোডিয়া সীমান্তে সাম্প্রতিক সংঘর্ষকে কেন্দ্র করে জাতীয়তাবাদী আবেগকে তিনি কাজে লাগানোর চেষ্টা করছেন। নির্বাচনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে রয়েছে পেউ থাই পার্টি। কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার রাজনৈতিক মতাদর্শের ধারক এই দলটি ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত ক্ষমতায় থাকা থাই রাক থাই পার্টির জনকল্যাণমূলক নীতির উত্তরাধিকার দাবি করে। পেউ থাই অর্থনৈতিক পুনরুজ্জীবন এবং নগদ সহায়তার প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা করছে।

দলটির প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে থাকসিনের ভাতিজা ইয়োদচানান ওংসাওয়াত প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনের পাশাপাশি চলমান গণভোটে ভোটারদের কাছে জানতে চাওয়া হয়েছে যে, তারা ২০১৭ সালের সংবিধান বহাল রাখতে চান নাকি পরিবর্তন চান। গণতন্ত্রপন্থী দলগুলোর মতে, নতুন সংবিধান প্রণয়ন করা হলে সেনাবাহিনী ও বিচার বিভাগের মতো অনির্বাচিত প্রতিষ্ঠানের ক্ষমতা খর্ব করা সম্ভব হবে। তবে রক্ষণশীলদের আশঙ্কা, সংবিধান পরিবর্তনের এই উদ্যোগ দেশে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি করতে পারে।

এসএএস/ ৮ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language