থাইল্যান্ডে আজ আগাম সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হচ্ছে

ব্যাংকক, ৮ ফেব্রুয়ারি – পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ডে আজ রোববার আগাম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। একই সঙ্গে সংবিধান সংস্কার নিয়ে গণভোটেরও আয়োজন করা হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে যে স্থানীয় সময় সকাল থেকেই ভোটগ্রহণ শুরু হয়েছে।
মূলত নির্ধারিত সময়ের অনেক আগেই এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ২০২৩ সালের নির্বাচনে জয়ী সরকারের মেয়াদ আরও চার বছর থাকার কথা থাকলেও রাজনৈতিক অস্থিরতার কারণে আগাম নির্বাচনের পথ বেছে নিতে হয়েছে।
ঘটনার সূত্রপাত হয় ২০২৫ সালের মে মাসে যখন প্রতিবেশী কম্বোডিয়ার সঙ্গে সীমান্তে উত্তেজনার জেরে এক থাই সেনা নিহত হন। পরবর্তীতে জুনে তৎকালীন প্রধানমন্ত্রী পায়েতোংতার্ন সিনাওয়াত্রা কম্বোডিয়ার নেতা হুন সেনের সঙ্গে ফোনালাপে নিজ দেশের সেনাবাহিনীর সমালোচনা করেন। ফাঁস হওয়া ওই অডিও রেকর্ডিং জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি করে। এর জেরে শাসক জোটে ফাটল ধরে এবং ভুমজাইথাই পার্টি জোট ছাড়ার ঘোষণা দেয়।
আগস্ট মাসে সাংবিধানিক আদালত নৈতিকতা ভঙ্গের দায়ে প্রধানমন্ত্রীকে পদচ্যুত করে।এরপর অনুতিন চার্নভিরাকুল নতুন জোট গঠন করে সরকার প্রধানের দায়িত্ব নিলেও সংসদ ভেঙে দিয়ে নির্বাচনের শর্ত মেনে নেন।
গত ডিসেম্বরে সংসদ বিলুপ্ত করার মাধ্যমেই আজকের এই নির্বাচনের ক্ষেত্র প্রস্তুত হয়।
এনএন/ ৮ ফেব্রুয়ারি ২০২৬









