আফগানিস্তানে মিনিবাস খাদে পড়ে নিহত ১২, আহত ৩

কাবুল, ৮ ফেব্রুয়ারি – আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলে একটি যাত্রীবাহী মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাওয়ার ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।
শনিবার স্থানীয় কর্মকর্তারা গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
বাদাখশান প্রদেশের পুলিশের একজন মুখপাত্র জানান, দুর্ঘটনাকবলিত বাসটি প্রদেশের একটি পাহাড়ি সড়ক দিয়ে রাজধানী ফাইজাবাদের দিকে যাচ্ছিল। পথিমধ্যে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশে গভীর খাদে পড়ে যায়।
তিনি আরও নিশ্চিত করেছেন যে নিহতদের মধ্যে পুরুষ ছাড়াও নারী ও শিশু রয়েছে এবং আহতদের শারীরিক অবস্থা বেশ আশঙ্কাজনক।
আফগানিস্তানে সড়ক দুর্ঘটনা একটি সাধারণ ঘটনায় পরিণত হয়েছে। দীর্ঘদিনের সংঘাতের ফলে দেশটির সড়ক ব্যবস্থার নাজুক পরিস্থিতি, চালকদের বেপরোয়া গাড়ি চালানো এবং ট্রাফিক আইন না মানাই এর অন্যতম প্রধান কারণ।
এর আগে গত বছরের আগস্টে ইরান থেকে ফেরা অভিবাসীদের বহনকারী একটি বাস পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে দুর্ঘটনার শিকার হলে ৭৮ জন নিহত হন। ওই ঘটনায় বাসটির সঙ্গে একটি মোটরসাইকেল ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ হয়েছিল।
এছাড়া গত বছরের আগস্টের শেষের দিকে রাজধানী কাবুলের কাছে একটি মহাসড়কে চালকের অবহেলার কারণে যাত্রীবাহী বাস উল্টে ২৫ জনের প্রাণহানি ঘটেছিল।
এনএন/ ৮ ফেব্রুয়ারি ২০২৬









