জাতীয়

ভোটকেন্দ্রে থাকছে ২৫ হাজার ৭০০ বডি ওর্ন ক্যামেরা, দায়িত্বে প্রায় ৯ লাখ সদস্য

ঢাকা, ৮ ফেব্রুয়ারি – আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৯ লাখ সদস্য দায়িত্ব পালন করবেন এবং দেশের প্রায় ৪৩ হাজার ভোটকেন্দ্রে ২৫ হাজার ৭০০টি বডি ওর্ন ক্যামেরা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি।

এ সময় তিনি বলেন, নির্বাচনে সারা দেশে ১ লাখ ৮ হাজার ৮৮৫ জন সামরিক বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন।

এছাড়া রোববার (৮ ফেব্রুয়ারি) থেকে ৩৭ হাজার ৪৫৩ জন বিজিবি সদস্য, তিন হাজারের বেশি কোস্টগার্ড সদস্য এবং ৫ লাখ ৬৭ হাজার ৮৬৬ জন আনসার সদস্য দায়িত্বে নামবেন।

তিনি আরও জানান, ১১ ফেব্রুয়ারি সকাল থেকে ১ লাখ ৫৭ হাজার পুলিশ সদস্য এবং র‍্যাবের নির্দিষ্ট সংখ্যক সদস্য সময়মতো ২৯৯টি আসনে নির্বাচনি দায়িত্ব পালন শুরু করবেন।

এ ছাড়া পোস্টাল ভোটের মাধ্যমে ৪ লাখ ২২ হাজার ৯৬০ জন ভোটারের ব্যালট ইতোমধ্যে দেশে পৌঁছেছে বলেও জানান তিনি। দেশের বাইরে থেকে পোস্টাল ব্যালটে যারা ভোট দিয়েছেন, তাদের মধ্যে ৯৪ শতাংশই পুরুষ ভোটার বলে উল্লেখ করেন তিনি।

এই ব্রিফিংয়ে আরও জানানো হয়, নির্বাচনে প্রায় ৪০০ জন বিদেশি পর্যবেক্ষক, প্রায় ৫০ হাজার দেশি পর্যবেক্ষক এবং প্রায় ১২০ জন বিদেশি সাংবাদিক দায়িত্ব পালন করবেন।

প্রেস সচিব জানান, নির্বাচন সুরক্ষা অ্যাপ পুরোপুরি চালু করা হয়েছে। নির্বাচনি কর্মকর্তা ও সুরক্ষা কর্মকর্তারা এই অ্যাপ ব্যবহার করবেন, যার মাধ্যমে নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে।

এনএন/ ৮ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language