জাতীয়

নির্বাচন বানচালে সরকারের একটি মহল হামলা চালিয়েছে: নাসিরুদ্দীন পাটওয়ারী

ঢাকা, ৮ ফেব্রুয়ারি – জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী নাসিরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেছেন যে নির্বাচন বানচাল করার উদ্দেশ্যেই সরকারের একটি বিশেষ মহল ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে। তিনি দাবি করেন, রাজপথে ঘটে যাওয়া এই ন্যক্কারজনক ঘটনার জন্য সরকার সরাসরি দায়ী।

শনিবার বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ‘জুলাই ঐক্য’ আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

শরিফ ওসমান বিন হাদির খুনি ও গণহত্যাকারীদের ভারতে আশ্রয়, আন্তর্জাতিক ক্রিকেট সংস্থায় ভারতের আধিপত্য এবং বাংলাদেশের বিগত ও আসন্ন নির্বাচনে ভারতীয় হস্তক্ষেপ ও ষড়যন্ত্রের প্রতিবাদে ‘র‍্যালি ফর বাংলাদেশ’ কর্মসূচির আয়োজন করা হয়। এই কর্মসূচিতে সংহতি জানিয়ে নাসিরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকারের একটি মহল শান্তিপূর্ণ আন্দোলনে হামলা চালিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করতে চাইছে। তিনি আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

এনসিপির এই নেতা আরও উল্লেখ করেন যে আন্তর্জাতিক সংস্থা বা জাতিসংঘের মাধ্যমে হাদি হত্যার তদন্ত করে বিচার নিশ্চিত করতে হবে এবং সরকারকে এ বিষয়ে উদ্যোগ নিতে হবে।

আন্দোলনকারীরা নির্দিষ্ট সময়সীমা চাইলেও প্রশাসনের কিছু অতি উৎসাহী সদস্য জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে বলে তিনি ক্ষোভ প্রকাশ করেন।

সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের নেতৃবৃন্দসহ বিভিন্ন সংগঠনের সংগঠকরা উপস্থিত ছিলেন।

এনএন/ ৮ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language