জাতীয়

সরকার গঠনের সুযোগ পেলে দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে: তারেক রহমান

দিনাজপুর, ৭ ফেব্রুয়ারি – বিএনপি সরকার গঠনের ম্যান্ডেট পেলে দ্রুততম সময়ের মধ্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন দলটির শীর্ষ নেতা তারেক রহমান। তিনি তিস্তা অববাহিকার মানুষকে মরুকরণের হাত থেকে রক্ষার পাশাপাশি পানির সুষম বণ্টন নিশ্চিত করার আশ্বাস দেন।

শনিবার বিকেলে দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান উল্লেখ করেন যে গত সতেরো বছর ধরে দেশের মানুষ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল, তবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ তাদের সেই কাঙ্ক্ষিত অধিকার প্রয়োগের সুযোগ পাবে। গণতান্ত্রিক রাষ্ট্রে নাগরিকের নিরাপত্তা ও স্বাধীন চলাচল নিশ্চিত করাই বিএনপির অঙ্গীকার বলে তিনি মন্তব্য করেন।

দিনাজপুরের সঙ্গে তার আত্মিক সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, এটি তার নানাবাড়ি এবং এখানকার মানুষের কাছে তিনি আপনজন হিসেবে ধানের শীষে ভোট প্রত্যাশা করেন।

দিনাজপুরের কৃষির অপার সম্ভাবনার কথা তুলে ধরে বিএনপি নেতা বলেন, এখানকার মাটি উর্বর এবং মানুষ অত্যন্ত পরিশ্রমী। কাটারিভোগ চাল ও লিচুর মতো পণ্য আন্তর্জাতিক মান বজায় রেখে প্রক্রিয়াজাত করা গেলে তা বিশ্ববাজারে রপ্তানি করে বিপুল বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব। বিএনপি ক্ষমতায় এলে কৃষিভিত্তিক শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার মাধ্যমে কৃষকের পণ্যের ন্যায্যমূল্য ও যুবসমাজের কর্মসংস্থান নিশ্চিত করা হবে।

বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, অতীতে কৃষকরা চরম অবহেলার শিকার হয়েছেন এবং পণ্যের সঠিক দাম পাননি। বিএনপি ক্ষমতায় এলে কৃষিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আধুনিক কৃষি প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র ও হিমাগার স্থাপন করা হবে বলে তিনি জানান।

বক্তব্যের শেষ পর্যায়ে তিনি দিনাজপুর অঞ্চলের ছয়টি সংসদীয় আসনের দলীয় প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে সকলকে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার আহ্বান জানান।

এনএন/ ৭ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language