‘আওয়ামী লিগ’ নামে দলের নিবন্ধন আবেদন, প্রতীক চাওয়া হলো নৌকা বা ইলিশ

বঙ্গবন্ধু এভিনিউ, ৭ ফেব্রুয়ারি – ‘আওয়ামী লিগ’ নাম ব্যবহার করে একটি নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে (ইসি) আবেদন জমা পড়েছে। সোমবার (২৪ মার্চ) উজ্জল রায় নামের এক ব্যক্তি ইসির সংশ্লিষ্ট শাখায় এই আবেদনটি করেন।
নিবন্ধনের আবেদনে দেখা গেছে, আবেদনকারী রাজনৈতিক দলটির নাম হিসেবে ‘আওয়ামী লিগ’ উল্লেখ করেছেন এবং দলীয় প্রতীক হিসেবে ‘নৌকা’ অথবা ‘ইলিশ’ বরাদ্দ চেয়েছেন। দলের কেন্দ্রীয় কার্যালয়ের ঠিকানা হিসেবে উল্লেখ করা হয়েছে ‘বঙ্গবন্ধু এভিনিউ’। তবে আবেদনে সুনির্দিষ্ট কোনো সড়ক বা বাড়ির নম্বর উল্লেখ করা হয়নি।
আবেদনে দল গঠনের তারিখ হিসেবে ২৪ মার্চ উল্লেখ করা হয়েছে। এছাড়া বর্তমানে দলের যে কমিটি রয়েছে, তার মেয়াদ আগামী ৩০ এপ্রিল শেষ হবে বলে জানানো হলেও, সেটি কোন বছরের ৩০ এপ্রিল, তা আবেদনে স্পষ্ট করা হয়নি।
নিবন্ধনপ্রত্যাশী উজ্জল রায় নিজেকে এই নতুন দলের সভাপতি হিসেবে পরিচয় দিয়েছেন। আবেদনে দেওয়া তথ্য অনুযায়ী, তার গ্রামের বাড়ি দিনাজপুরের পার্বতীপুর উপজেলার রামচন্দ্রপুর গ্রামে। তার বাবার নাম নরেশ চন্দ্র রায় এবং মায়ের নাম পারুল রায়।
এসএএস/ ৭ ফেব্রুয়ারি ২০২৬









