মুন্সীগঞ্জে নির্বাচনি প্রচারণায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, গুলিবিদ্ধ ২

মুন্সীগঞ্জ, ৭ ফেব্রুয়ারি – মুন্সীগঞ্জ-৩ আসনের সদর উপজেলায় নির্বাচনি প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত দুইজন গুলিবিদ্ধ হয়েছেন।
শনিবার দুপুরে মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সিকান্দি গ্রামে এই হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বেলা ১২টার দিকে মুন্সিকান্দি এলাকায় প্রচারণায় নামেন ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও জেলা বিএনপির সদস্য আতাউর রহমান মল্লিকের সমর্থকরা। ওই সময় ধানের শীষ প্রতীকের সমর্থক ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ওজির আলী এবং ইউনিয়ন বিএনপির সাবেক নেতা আওলাদ মোল্লার অনুসারীরা তাদের ওপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।
এতে মুহূর্তের মধ্যে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। সংঘর্ষের কারণে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন। এর মধ্যে মুন্সিকান্দি গ্রামের লিজন সরকার ও মনির হোসেনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সংঘর্ষ চলাকালে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে আলু ক্ষেতের মধ্য দিয়ে ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফিরোজ কবির জানিয়েছেন, আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে আগে থেকেই বিরোধ ছিল। নির্বাচনকে কেন্দ্র করে সেই বিরোধ পুনরায় মাথাচাড়া দেওয়ায় এই অপ্রীতিকর ঘটনার সূত্রপাত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
এনএন/ ৭ ফেব্রুয়ারি ২০২৬









