প্রশাসনের একাংশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ মির্জা আব্বাসের

ঢাকা-৮, ৭ ফেব্রুয়ারি – প্রশাসনের ঊর্ধ্বতন মহলে কারো কারো প্রতি দুর্বলতা দেখা গেছে বলে অভিযোগ করেছেন ঢাকা-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস। শনিবার রাজধানীর কাকরাইলে হক ক্যাসেল ফ্ল্যাট মালিকদের সাথে নির্বাচনী মতবিনিময় সভা শেষে গণসংযোগকালে গণমাধ্যমের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, কয়েকজন প্রার্থী বলছেন তারা জিতেই গেছেন আবার সরকারের কেউ কেউ বলছেন তাদের সংসদে যাওয়া উচিত। অংশগ্রহণমূলক নির্বাচন হচ্ছে ঠিকই কিন্তু পক্ষপাতিত্ব হচ্ছে যা খারাপ দৃষ্টান্ত। তিনি আরও উল্লেখ করেন, এর আগে সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে ঢাকা-৮ আসনে পোলিং এজেন্টদের সাথে এক মতবিনিময় সভায় অংশ নিয়েছেন এবং রাতে শান্তিনগর ইষ্টার্ন পয়েন্টে আবাসিক ফ্ল্যাট মালিকদের সাথে সভা করবেন। পোলিং এজেন্টদের সাথে মতবিনিময় সভায় তিনি বলেন, আমরা বছরের পর বছর জেলে থেকেছি এবং আন্দোলন করেছি। আন্দোলনের পথ আমরাই সুগম করেছি সুতরাং এককভাবে চব্বিশের দাবিদার কেউ নয়।
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, এখন অনেকে এমনভাবে কথা বলছেন যেন তারা দ্বিতীয়বার দেশ স্বাধীন করেছেন। মুক্তিযুদ্ধের সময় আমরা যুদ্ধ করেছি কিন্তু কখনো ক্ষমতা বা মন্ত্রিত্ব চাইনি। অথচ যারা তখন পড়াশোনা করছিল আজ তারাই নানা দাবি করছে। সাবেক এই মন্ত্রী শঙ্কা প্রকাশ করে বলেন, সামনে হয়তো আমরা যে সময় পার করে এসেছি তার চেয়েও ভয়াবহ সময় আসছে। সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার যেই হোক বিশ্বের কিছু প্রতিষ্ঠিত শক্তি আমাদের শান্তিতে থাকতে দেবে না।
তিনি আরও বলেন, বিএনপি ১৭ থেকে ১৮ বছর ক্ষমতায় নেই এবং এই সময়ে যারা ক্ষমতায় ছিল তারাই নির্বাচনের সূচি ঠিক করেছে ও প্রভাব বিস্তার করেছে। বিএনপি এখন নির্বাচনে জয়লাভ করে ক্ষমতায় আসার চেষ্টা করছে কিন্তু বিএনপিকেও টার্গেট করা হচ্ছে। নিজের নির্বাচনী এলাকার প্রসঙ্গ টেনে তিনি বলেন, গত ১৮ বছর এই এলাকার মানুষ ভোট দেয়ার সুযোগ পায়নি এবং কোনো এমপির চেহারাও দেখেনি। আমি এই এলাকাতেই জন্মেছি ও বড় হয়েছি তাই এখানকার মানুষের সাথে আমার সবসময় যোগাযোগ ছিল। মন্ত্রী বা মেয়র থাকাকালেও আমি গুলশানের বাড়িতে যাইনি বরং জনগণের কাছাকাছি থেকেছি। আগামী দিনেও আমাকে খুঁজতে হবে না বরং একটি ফোন দিলেই আমাকে পাশে পাবেন বলে তিনি আশ্বস্ত করেন।
এসএএস/ ৭ ফেব্রুয়ারি ২০২৬









