ইউরোপ

ইউক্রেন সীমান্তে উত্তেজনার জেরে পোল্যান্ডের দুই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত

পোল্যান্ড, ৭ ফেব্রুয়ারি – ইউক্রেন সীমান্তে রাশিয়ার ক্রমাগত হামলার পরিপ্রেক্ষিতে নিরাপত্তার স্বার্থে পোল্যান্ডের দক্ষিণ-পূর্বাঞ্চলের দুটি গুরুত্বপূর্ণ বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। পোলিশ কর্তৃপক্ষ শনিবার এক ঘোষণার মাধ্যমে জানিয়েছে যে রেজেসো এবং লুবলিন বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট ওঠানামা আপাতত বন্ধ রাখা হবে।

পোল্যান্ডের এয়ার নেভিগেশন সার্ভিস নিশ্চিত করেছে যে সামরিক বিমান চলাচলের পথ নিরাপদ রাখতে এবং আকাশসীমার সার্বিক সুরক্ষা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। উল্লেখ্য যে কার্যক্রম স্থগিত করা এই বিমানবন্দর দুটি ইউক্রেন সীমান্তের অত্যন্ত নিকটবর্তী এলাকায় অবস্থিত। এর মধ্যে রেজেসো বিমানবন্দরটি ন্যাটোর কৌশলগত কার্যক্রমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ইউক্রেনে ন্যাটোর সামরিক সহায়তা ও অস্ত্র সরবরাহের প্রধান পথ হিসেবে এটি ব্যবহৃত হয়ে থাকে।

পোলিশ সেনাবাহিনী জানিয়েছে সীমান্তে চলমান সংঘাতের কারণে তাদের আকাশসীমায় সামরিক বিমানের তৎপরতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। তাই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে এবং আকাশসীমা নিরাপদ রাখতে এই আগাম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার ২৪ এর তথ্য অনুযায়ী ন্যাটোর সামরিক বিমান চলাচলের সুবিধার্থেই মূলত সাধারণ যাত্রীবাহী ফ্লাইটগুলো বন্ধ রাখা হয়েছে। এর আগেও গত মাসে একই পরিস্থিতির কারণে এই অঞ্চলে বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখার নজির রয়েছে।

এ এম/ ৭ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language