ফুটবল

বিশ্বকাপের আগে নতুন ঠিকানায় হামেস রদ্রিগেজ, যোগ দিলেন মিনেসোটা ইউনাইটেডে

কলম্বিয়া, ৭ ফেব্রুয়ারি – আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে ক্লাবহীন থাকা নিয়ে বেশ চাপেই ছিলেন কলম্বিয়ার অধিনায়ক ও তারকা ফুটবলার হামেস রদ্রিগেজ। ম্যাচ ফিটনেসের ঘাটতি নিয়ে বিশ্বকাপে যাওয়ার ঝুঁকি এড়াতে শেষ মুহূর্তে তিনি যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব মিনেসোটা ইউনাইটেডে যোগ দিয়েছেন।

ওয়েস্টার্ন কনফারেন্সের দলটির সঙ্গে তার এই স্বল্পমেয়াদী চুক্তি আগামী জুন পর্যন্ত হলেও পরবর্তীতে ডিসেম্বর পর্যন্ত মেয়াদ বাড়ানোর সুযোগ রয়েছে। চুক্তির আর্থিক বিষয়ে বিস্তারিত জানা না গেলেও ৩৪ বছর বয়সী এই তারকা নতুন চ্যালেঞ্জ নিয়ে বেশ রোমাঞ্চিত। এক বিবৃতিতে তিনি জানান যে জীবনের এই নতুন অধ্যায়ে তিনি খুশি এবং শহরের মানুষের বিশ্বাস অর্জনে নিজের সেরাটা দিতে প্রস্তুত। মিনেসোটার আবেগী সমর্থকদের সঙ্গে দেখা করার অপেক্ষায় থাকা এই ফুটবলার মাঠে নিজের সবটুকু উজাড় করে দিয়ে সবসময় জয়ের লক্ষ্যেই খেলেন বলে উল্লেখ করেন।

২০১৪ বিশ্বকাপে গোল্ডেন বুট জেতার পর রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ ও এভারটনের মতো শীর্ষ ক্লাবে খেললেও সাম্প্রতিক বছরগুলোতে ফর্মহীনতা ও ধারাবাহিকতার অভাবে ভুগছিলেন তিনি। গত ছয় বছরে এভারটন, আল রায়ান, অলিম্পিয়াকোস, সাও পাওলো ও মেক্সিকোর ক্লাব লেওনসহ ছয়টি ভিন্ন ক্লাবে দেখা গেছে তাকে। ক্লাব ক্যারিয়ারে অস্থিরতা থাকলেও জাতীয় দলের হয়ে ১২২ ম্যাচে ৩১ গোল করা হামেসের নেতৃত্বেই আগামী বিশ্বকাপে কলম্বিয়ার মাঠে নামার কথা রয়েছে।

এ এম/ ৭ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language