নেত্রকোনা-৩ আসনে বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্বে সুবিধাজনক অবস্থানে জামায়াত

নেত্রকোনা, ৭ ফেব্রুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে নির্বাচনী উত্তাপ ততই বাড়ছে। কেন্দুয়া ও আটপাড়া উপজেলা নিয়ে গঠিত নেত্রকোনা ৩ আসনে ভোটের মাঠে প্রচারণায় বিএনপি এগিয়ে রয়েছে। তবে এই আসনে একই দলের বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী থাকায় দলীয় প্রার্থীর জয়লাভের বিষয়টি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। বিএনপি এবং এর বিদ্রোহী প্রার্থীর মধ্যে ভোট ভাগাভাগি হওয়ার সম্ভাবনা থাকায় ১১ দলীয় জোট সমর্থিত জামায়াত মনোনীত প্রার্থী সুবিধাজনক অবস্থানে রয়েছেন বলে মনে করছেন বিশ্লেষকরা।
বিএনপির বিদ্রোহী ছাড়াও দীর্ঘদিনের জোটসঙ্গী জামায়াতেরও প্রার্থী থাকায় ভোটের সমীকরণ জটিল আকার ধারণ করেছে। নিজ দলের বিদ্রোহী প্রার্থী বিএনপিকে অনেকটা বেকায়দায় ফেলেছে। এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির রফিকুল ইসলাম হিলালী ধানের শীষ প্রতীক নিয়ে এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন সদ্য বহিষ্কৃত বিএনপি নেতা দেলোয়ার হোসেন ভূঞা দুলাল যার প্রতীক ঘোড়া। এছাড়াও জামায়াতের খায়রুল কবীর নিয়োগী দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে এবং জাতীয় পার্টির আবুল হোসেন তালুকদার লাঙ্গল প্রতীকে লড়ছেন। ইসলামী আন্দোলনের জাকির হোসেন হাতপাখা এবং ইসলামী ফ্রন্টের মো. শামসুদ্দোহা চেয়ার প্রতীকে নির্বাচনে অংশ নিচ্ছেন।
সরেজমিনে দেখা গেছে জাতীয় সংসদ নির্বাচনের প্রচার প্রচারণা এখন তুঙ্গে এবং পুরোদমে জমে উঠেছে নির্বাচনী কার্যক্রম। প্রার্থীরা মাইকিংয়ের পাশাপাশি প্রচারপত্র হাতে গ্রাম গঞ্জে ও ভোটারদের বাড়ি বাড়ি ছুটছেন। এই আসনে অন্য প্রার্থীদের ছাপিয়ে প্রচার ও আলোচনায় উঠে এসেছেন বিএনপি মনোনীত প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থীর নাম। তবে গত কয়েক দিন ধরে দুই পক্ষের মধ্যে নির্বাচন সহিংসতা বেড়ে যাওয়ায় ভোটারদের আলোচনায় নতুন মাত্রা যোগ হয়েছে। দফায় দফায় হামলা ও পাল্টা হামলায় বিএনপি এবং স্বতন্ত্র প্রার্থীর কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। আপাতদৃষ্টিতে লড়াই বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর মধ্যে সীমাবদ্ধ বলে মনে হলেও জামায়াত বেশ কৌশলে এগোচ্ছে।
বিএনপির বিদ্রোহী প্রার্থীর বিরোধকে কাজে লাগিয়ে তারা মাঠ গুছিয়ে নিচ্ছে। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূঞা মজনু জানিয়েছেন রফিকুল ইসলাম হিলালী একজন সৎ ও ধার্মিক মানুষ এবং তার জয়ের ব্যাপারে তারা আশাবাদী। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী মো. দেলোয়ার হোসেন ভূঞা দুলাল দাবি করেছেন নির্বাচন সুষ্ঠু হলে তার বিজয় কেউ ঠেকাতে পারবে না। জামায়াত প্রার্থী খায়রুল কবীর নিয়োগী ভোটারদের কাছে ন্যায় ও ইনসাফের সরকার গঠনের প্রতিশ্রুতি দিচ্ছেন।
এ এম/ ৭ ফেব্রুয়ারি ২০২৬









