জাতীয়

শাহবাগ ও ইন্টারকন্টিনেন্টাল এলাকায় ডিএমপির কঠোর নিরাপত্তা, প্রস্তুত জলকামান

ঢাকা, ৭ ফেব্রুয়ারি – রাজধানীর শাহবাগ ও হোটেল ইন্টারকন্টিনেন্টালসহ আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বা ডিএমপি।

ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনার পর শনিবার সকাল থেকেই এই বাড়তি সতর্কতা লক্ষ্য করা গেছে। সরেজমিনে দেখা যায়, শাহবাগ ও কাকরাইল মোড়সহ হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। নিরাপত্তার স্বার্থে সারিবদ্ধভাবে প্রস্তুত রাখা হয়েছে জলকামান। তবে শনিবার সকাল থেকে এসব সড়কে কোনো পুলিশি ব্যারিকেড দেখা যায়নি। ছুটির দিন হওয়ায় সকাল থেকেই ওই এলাকায় যানচলাচল ও পথচারীর সংখ্যা অন্যান্য দিনের তুলনায় বেশ কম ছিল।

উল্লেখ্য, শুক্রবার বিকেলে রাজু ভাস্কর্য থেকে একটি মিছিল নিয়ে শাহবাগ মোড়ে অবস্থান নেন ইনকিলাব মঞ্চের কর্মীরা। সেখানে সড়ক অবরোধ করে বিক্ষোভ চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। পরবর্তীতে সংগঠনের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের এক ভিডিও বার্তায় অভিযোগ করেন যে নির্বাচন বানচাল করতেই তাদের ওপর হামলা চালানো হয়েছে। তিনি জানান, হাদি নামের এক কর্মীকে হারানোর পরেও তারা ১২ তারিখে নির্বাচনের পক্ষে অটল রয়েছেন। আগামী সরকার হাদি হত্যার বিচার না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তিনি।

এস এম/ ৭ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language