এশিয়া

মালয়েশিয়ায় পৃথক অভিযানে বাংলাদেশিসহ ৭৭ অবৈধ প্রবাসী আটক

কুয়ালালামপুর, ৭ ফেব্রুয়ারি – মালয়েশিয়ার সেলাঙ্গর ও সাবাহ রাজ্যে অভিবাসন বিভাগের পৃথক অভিযানে বাংলাদেশিসহ মোট ৭৭ জন প্রবাসীকে আটক করা হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, গত বুধবার ও সপ্তাহের শুরুতে পরিচালিত এসব অভিযানে অবৈধভাবে অবস্থান ও কাজ করার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

সেলাঙ্গর রাজ্যের তেলোক পাংলিমা গারাং এলাকার একটি পাম অয়েল বাগানের ভেতরে গোপনে পরিচালিত একটি গুদামে অভিযান চালিয়ে ৯ জন বাংলাদেশিসহ ২৪ জনকে আটক করা হয়েছে। অন্যদিকে সাবাহ রাজ্যে দুই দিনব্যাপী অভিযানে ৫৩ জন ফিলিপাইনের নাগরিককে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।

সেলাঙ্গর রাজ্যের অভিযানটি গত বুধবার সকাল ১০টা ৫৫ মিনিটে অভিবাসন বিভাগের গোয়েন্দা ও বিশেষ অভিযান শাখা পরিচালনা করে। অভিবাসন মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান এক বিবৃতিতে বলেছেন, পাম অয়েল বাগানের ভেতরে কোনো সাইনবোর্ড ছাড়া একটি দুর্গম গুদামে চীন থেকে আসা পণ্য প্রক্রিয়াজাত ও মোড়কজাত করার কাজ চলছিল।

আটকদের মধ্যে ৯ জন বাংলাদেশি ছাড়াও চীনের ২ জন, ভারতের ২ জন, মিয়ানমারের ১০ জন এবং কম্বোডিয়ার ১ জন নাগরিক রয়েছেন। তদন্তে দেখা গেছে, আটক বাংলাদেশিদের মধ্যে দুজন তাদের ভিসার মেয়াদ অতিক্রম করে অবস্থান করছিলেন, বাকিদের কাছে বৈধ কোনো নথি ছিল না। এই অভিযানে ব্যবহৃত একটি মার্সিডিজ বেঞ্জ গাড়িসহ বেশ কিছু বাংলাদেশি ও মিয়ানমারি পাসপোর্ট জব্দ করা হয়েছে।

তদন্তকারীদের মতে, অনলাইনে অর্ডার করা চীনা পণ্য সাধারণ গ্রাহকের কাছে পাঠানোর জন্য এই গোপন গুদামটি গত ছয় মাস ধরে ব্যবহার করা হচ্ছিল। আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে বাগানের ভেতরে নির্জন স্থানে এই কার্যক্রম চলত।

এই ঘটনায় আটক এক চীনা নাগরিকের বিরুদ্ধে ওয়ার্ক পারমিটবিহীন বিদেশিদের কাজে নিয়োগ দেওয়ার অভিযোগ আনা হয়েছে। বর্তমানে আটক ব্যক্তিদের ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ এবং ১৯৬৩-এর বিভিন্ন ধারায় তদন্তের জন্য পুত্রজায়া ইমিগ্রেশন অফিসে রাখা হয়েছে। এছাড়া ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিনজন স্থানীয় মালয়েশিয়ান নাগরিককেও জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ দেওয়া হয়েছে।

অপরদিকে সাবাহ রাজ্যের কোটা কিনাবালু ও তুয়ারান এলাকায় ২ ও ৩ ফেব্রুয়ারি ‘অপস কুটিপ’ ও ‘অপস সাপু’ নামে অভিযান চালিয়ে আরও ৫৩ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। এই অভিযানে ৬১ জন অভিবাসন কর্মকর্তা মোট ১৭৭ জনকে তল্লাশি করেন, যার মধ্যে ৫৩ জন ফিলিপাইনের নাগরিকের কাছে বৈধ কোনো নথি পাওয়া যায়নি।

সাবাহ রাজ্য অভিবাসন বিভাগ জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের সমন্বিত অভিযান আরও জোরদার করা হবে। মালয়েশিয়ায় অবৈধভাবে বসবাসরতদের শনাক্ত করতে দেশটির প্রতিটি রাজ্যে বর্তমানে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

এনএন/ ৭ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language