কক্সবাজার

মিয়ানমার থেকে আসা গুলিতে আহত শিশু হুজাইফার ২৭ দিন পর মৃত্যু

কক্সবাজার, ৭ ফেব্রুয়ারি – কক্সবাজারের টেকনাফ সীমান্তে মিয়ানমার থেকে আসা গুলিতে গুরুতর আহত শিশু হুজাইফা আফনান মারা গেছে। দীর্ঘ ২৭ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৪৫ মিনিটে ঢাকার জাতীয় ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হুজাইফার চাচা শওকত আলী বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেছেন এবং মরদেহ বাড়িতে নিয়ে আসার প্রস্তুতি চলছে।

গত ১১ জানুয়ারি সকালে টেকনাফের হোয়াইক্যংয়ে তেচ্ছিব্রিজ এলাকায় নিজ বাড়ির আঙিনায় অবস্থানের সময় মিয়ানমার থেকে আসা গুলিতে গুলিবিদ্ধ হয় হুজাইফা। সে স্থানীয় জসিম উদ্দিনের মেয়ে। ঘটনার পর তাকে প্রথমে স্থানীয়ভাবে এবং পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অস্ত্রোপচার করা হলেও ঝুঁকি থাকায় মাথায় বিদ্ধ গুলি বের করা সম্ভব হয়নি, পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।

সম্প্রতি মিয়ানমারের রাখাইন রাজ্যে জান্তা বাহিনী ও আরাকান আর্মির মধ্যে সংঘাত তীব্র আকার ধারণ করেছে। সীমান্তের ওপার থেকে আসা গোলা ও গুলিতে এপারের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

হুজাইফার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয়রা সীমান্তের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

এনএন/ ৭ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language