মাগুরায় সাবেক ছাত্রলীগ নেতা রুহুল মল্লিকের ওপর হামলা ও অগ্নিসংযোগ

মাগুরা, ৭ ফেব্রুয়ারি – মাগুরায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের জেলা শাখার সাবেক সহ সভাপতি রুহুল মল্লিকের ওপর হামলা, বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেলে মাগুরা শহরের পারনান্দুয়ালী এলাকায় এই ঘটনা ঘটে। হামলার পর পুলিশ তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে এবং বর্তমানে তিনি পুলিশি পাহারায় চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রুহুল মল্লিক গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে নিহত জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বি হত্যা মামলার এজহারভুক্ত আসামি। তিনি মাগুরা পৌরসভার বরুনাতৈল গ্রামের আলি রেজা মল্লিকের ছেলে। শুক্রবার দুপুরে তিনি গোপনে পারনান্দুয়ালী এলাকায় একটি ভাড়া বাসায় তার স্ত্রী শাহানাজ খাতুনের সঙ্গে দেখা করতে আসেন।
বিষয়টি এলাকায় জানাজানি হলে বিকেল আনুমানিক ৫টার দিকে একদল বিক্ষুব্ধ জনতা বাড়িটি ঘিরে ফেলে। একপর্যায়ে তারা বাড়িতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় এবং ব্যাপক ভাঙচুর চালায়। জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ খবর পেয়ে সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রুহুল মল্লিককে আটকের চেষ্টা করে। তবে পুলিশের উপস্থিতিতেই বিক্ষুব্ধ জনতা বাড়ির ভেতরে ঢুকে তাকে মারধর করে, এতে তিনি গুরুতর জখম হন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করে এবং গ্রেপ্তার দেখায়। রুহুল মল্লিকের স্ত্রী শাহনাজ পারভীন জানান, তাদের ছেলে অসুস্থ থাকায় বৃহস্পতিবার রাতে রুহুল ওই ভাড়া বাসায় এসেছিলেন।
স্থানীয়রা বিষয়টি টের পেয়ে বাড়ি ঘিরে ফেলে এবং বাথরুমের ভেন্টিলেটর দিয়ে পেট্রোল ঢেলে আগুন দেয়। দরজা ও জানালা ভেঙে ঘরে ঢুকে তাকে ও তার স্বামীকে মারধর করা হয় বলে তিনি অভিযোগ করেন। মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম নিশ্চিত করেছেন যে, বিক্ষুব্ধ জনতার রোষানল থেকে উদ্ধার করে রুহুল মল্লিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বর্তমানে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন আছেন।
এসএএস/ ৭ ফেব্রুয়ারি ২০২৬









