জামায়াতকে ভোট দেওয়া হারাম, বিএনপির প্রার্থীকে সমর্থন হেফাজত আমিরের

ফটিকছড়ি, ৭ ফেব্রুয়ারি – হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী মন্তব্য করেছেন যে, জামায়াতে ইসলামীকে ভোট দেওয়া মুসলমানদের জন্য হারাম এবং এটি কোনোভাবেই জায়েজ নয়। মওদুদীবাদী জামায়াতের সঙ্গে যারা জোট করেছে, তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়াকে তিনি ‘জিহাদ’ হিসেবে আখ্যায়িত করেছেন।
বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের ফটিকছড়ির কাজিরহাট মাদরাসায় ‘সহিহ বুখারি শরিফ’ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আলেম সমাজকে উদ্দেশ্য করে বলেন, জামায়াতে ইসলামীর সঙ্গে তাদের মৌলিক ও আকিদাগত বিরোধ রয়েছে। জামায়াত দ্বীনের সঠিক ব্যাখ্যা দেয় না, তাই এই বাতিল শক্তির উত্থান রোধে মুসলিমদের ঐক্যবদ্ধ হতে হবে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিনি চট্টগ্রাম ২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরোয়ার আলমগীরকে সমর্থন জানান এবং ধানের শীষ প্রতীকের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে সরোয়ার আলমগীরসহ স্থানীয় শীর্ষ আলেম ওলামা ও বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এনএন/ ৭ ফেব্রুয়ারি ২০২৬









