জাতীয়

শাহবাগে পুলিশি হামলার বিচার চেয়ে এক ঘণ্টার আলটিমেটাম

শাহবাগ, ৬ ফেব্রুয়ারি – রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেল মোড় ও শাহবাগ এলাকায় আন্দোলনকারীদের ওপর পুলিশি হামলার অভিযোগ তুলে এর বিচারের দাবিতে এক ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন বিক্ষুব্ধরা। শুক্রবার রাত পৌনে ১০টার দিকে শাহবাগে অবস্থান নিয়ে এই আলটিমেটাম ঘোষণা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের।

এ সময় তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের পোশাকে যারা হামলা চালিয়েছে তাদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন রয়েছে। তারা আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন বানচাল করতে চায় কি না তা তদন্তের দাবি জানান তিনি। একইসঙ্গে আগামী এক ঘণ্টার মধ্যে হামলাকারী পুলিশ সদস্যদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ ও বিচারের দাবি জানানো হয়। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণার কথা জানান আন্দোলনকারীরা।

ডাকসু নেতা অভিযোগ করেন, এই হামলার নেপথ্যে সুনির্দিষ্ট ইন্ধন রয়েছে এবং আজকের ঘটনাকে পরিকল্পিতভাবে বড় করা হয়েছে। অনেক সাধারণ মানুষকে নির্দয়ভাবে পিটুনি দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, জড়িতদের শাস্তি নিশ্চিত করতে হবে। এছাড়া ওসমান হাদি হত্যার বিচার প্রসঙ্গে ইনকিলাব মঞ্চের উত্থাপিত দাবি মেনে নেওয়ার আহ্বান জানান তিনি। আগামী ৮ তারিখের মধ্যে এ বিষয়ে জাতিসংঘকে চিঠি দেওয়ার দাবিও জানান আন্দোলনকারীরা।

এ এম/ ৬ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language