জাতীয়

তারেক রহমানকে প্রকাশ্যে রাজনৈতিক বিতর্কের আহ্বান জানালেন জামায়াত আমির

ঢাকা, ৬ ফেব্রুয়ারি – বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রকাশ্য রাজনৈতিক আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এই প্রস্তাব দেন।

অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই কেবল রাষ্ট্রক্ষমতার বৈধতা অর্জিত হয় বলে মন্তব্য করেন তিনি। জামায়াত আমিরের মতে নির্বাচনে স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা না থাকলে কোনো সরকারই জনগণের পূর্ণ আস্থা অর্জন করতে পারে না। তিনি জুলাই বিপ্লব পরবর্তী বাস্তবতার নিরিখে রাজনীতিবিদদের ওপর অর্পিত বিশেষ দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেন। বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে রাজনীতির ইতিবাচক ও সভ্য রূপ তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

রাজনীতিকে সংঘাত ও প্রতিহিংসার ঊর্ধ্বে উঠে যুক্তিনির্ভর ও জনমুখী করার আহ্বান জানান ডা. শফিকুর। তিনি বলেন ভবিষ্যৎ শাসনব্যবস্থার মানদণ্ড হতে হবে স্বচ্ছ ও জবাবদিহিমূলক যা জনসমালোচনাকে স্বাগত জানাবে। এরই অংশ হিসেবে তিনি তারেক রহমানের সঙ্গে একটি উন্মুক্ত লাইভ আলোচনার প্রস্তাব দেন যেখানে উভয় পক্ষ নিজেদের ইশতেহার ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গি জাতির সামনে তুলে ধরবেন।

এসএএস/ ৬ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language