জাতীয়

ঢাকায় হামলার প্রতিবাদে রাজশাহীতে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

ঢাকা, ৬ ফেব্রুয়ারি – ঢাকায় ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচিতে পুলিশি হামলার ঘটনার প্রতিবাদ জানিয়ে রাজশাহীতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে রাজশাহী নগরীর তালাইমারী মোড়ে অবস্থান নিয়ে এই বিক্ষোভ শুরু করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।\

রাত ৮টা পর্যন্ত তাদের এই কর্মসূচি অব্যাহত ছিল বলে জানা গেছে। বিক্ষোভ চলাকালে আন্দোলনকারীরা তালাইমারী মোড়ে সড়কের মাঝখানে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে তারা সড়কে টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ করেন। এর ফলে ওই রুটে সব ধরনের যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, এতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। তবে জরুরি ও অন্যান্য যানবাহনগুলোকে বিকল্প সড়ক ব্যবহার করতে দেখা গেছে। আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, জাতিসংঘের তত্ত্বাবধানে শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যার নিরপেক্ষ তদন্তের দাবিতে ঢাকায় ইনকিলাব মঞ্চ শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছিল।

কিন্তু পুলিশ সেখানে অতর্কিত হামলা চালায়। এই হামলার তীব্র নিন্দা জানিয়ে তারা দায়ী পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসঙ্গে হাদি হত্যার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত করেন তারা। এর আগে একই দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ও রাকসু নেতৃবৃন্দ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছিলেন। উল্লেখ্য, শুক্রবার বিকেল পৌনে ৪টার দিকে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে ও প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি পালন করছিলেন। অভিযোগ রয়েছে, সে সময় পুলিশের লাঠিপেটায় ইনকিলাব মঞ্চের জাবের এবং রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মারসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন।

এসএএস/ ৬ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language