জাতীয়

ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে পুলিশি হামলার ঘটনায় জকসুর তীব্র নিন্দা ও প্রতিবাদ

যমুনা, ৬ ফেব্রুয়ারি – শহীদ শরীফ ওসমান হাদী হত্যার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিচারের দাবিতে আয়োজিত ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে পুলিশের অতর্কিত হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)। শুক্রবার জকসুর ভিপি রিয়াজুল ইসলাম ও জিএস আব্দুল আলিম আরিফ স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এই প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে ছাত্র নেতারা বলেন, শহীদ ওসমান হাদী হত্যার দীর্ঘ সময় পার হয়ে গেলেও এখনো তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়নি। হত্যার আন্তর্জাতিক ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে জাতিসংঘের তত্ত্বাবধান চেয়ে ইনকিলাব মঞ্চ গতকাল থেকে যমুনার সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছিল। শুক্রবার বিকেল ৪টার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশ অতর্কিতভাবে ইনকিলাব মঞ্চের নেতৃবৃন্দের ওপর সাউন্ড গ্রেনেড ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে এবং লাঠিপেটা করে সবাইকে ছত্রভঙ্গ করে দেয়। জকসু নেতৃবৃন্দ জানান, শহীদ ওসমান হাদীর পরিবার ও ইনকিলাব মঞ্চের দাবি ছিল সামান্য, তারা কেবল সরকারের পক্ষ থেকে জাতিসংঘের কাছে একটি আনুষ্ঠানিক চিঠি চেয়েছিলেন। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার তা পূরণে ব্যর্থ হয়েছে।

বরং পুলিশ ন্যাক্কারজনকভাবে হামলা চালিয়েছে, যাতে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হন। এছাড়া এই হামলায় রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার, জকসুর কার্যনির্বাহী সদস্য শান্তা আক্তার এবং ডাকসুর সাবেক নেত্রী ফাতেমা তাসনীম জুমাসহ শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। জকসু নেতৃবৃন্দ এই হামলাকে অন্তর্বর্তীকালীন সরকারের সময়েও পুলিশের ফ্যাসিবাদী আচরণের বহিঃপ্রকাশ হিসেবে অভিহিত করেন। বিবৃতিতে আরও বলা হয়, ছাত্র জনতা জুলাই বিপ্লবের মাধ্যমে দেশ ফ্যাসিবাদ মুক্ত করলেও পুলিশ এখনো পুরনো ভাষায় কথা বলছে। জকসুর পক্ষ থেকে অবিলম্বে ইনকিলাব মঞ্চের দাবি মেনে নিয়ে শহীদ হাদী হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত করা, আহতদের সুচিকিৎসা দেওয়া এবং হামলাকারী পুলিশ সদস্যদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।

এ এম/ ৬ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language