জাবেরের ওপর হামলার তীব্র নিন্দা জানালেন ডা. তাসনিম জারা

ঢাকা, ৬ ফেব্রুয়ারি – ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবেরের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ঢাকা-৯ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ডা. তাসনিম জারা। শুক্রবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই হামলার ঘটনাকে অত্যন্ত ন্যক্কারজনক বলে অভিহিত করেন। ডা. তাসনিম জারা তার বক্তব্যে জুলাই বিপ্লবের নায়কদের নিরাপত্তা নিশ্চিত করাকে অন্তর্বর্তী সরকার ও আগামী সরকারের অন্যতম প্রধান দায়িত্ব হিসেবে উল্লেখ করেন।
একইসঙ্গে তিনি শহীদ শরীফ ওসমান হাদির বিচার প্রক্রিয়ায় ধীরগতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন যে বিষয়টি অন্তর্বর্তী সরকারের সদিচ্ছা নিয়ে সন্দেহের জন্ম দিয়েছে। হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও শহীদ হাদি হত্যার সুষ্ঠু বিচারের দাবি জানান তিনি। ইনকিলাব মঞ্চের সকল ন্যায্য দাবির প্রতি নিজের পূর্ণ সমর্থন ব্যক্ত করে তিনি বলেন যে বিপ্লবীদের রক্ত ও ত্যাগ যেন বৃথা না যায়।
এসএএস/ ৬ ফেব্রুয়ারি ২০২৬









