নোয়াখালী

পরিবর্তনের জন্য আমরা হাসিনার মসনদ কাঁপিয়ে দিয়েছি: হান্নান মাসউদ

নোয়াখালী, ৬ ফেব্রুয়ারি – ১১ দলীয় জোটের নোয়াখালী-৬ বা হাতিয়া আসনের প্রার্থী আবদুল হান্নান মাসউদ বলেছেন, আমাদের দেখতে ছোট মনে হতে পারে কিন্তু পরিবর্তনের জন্য আমরা এতটাই মগ্ন যে হাসিনার মসনদ কাঁপিয়ে দিয়েছি। শুক্রবার হাতিয়া উপজেলার ১০ নম্বর জাহাজমারা ইউনিয়নের সুইচ বাজারে গণসংযোগকালে তিনি এ মন্তব্য করেন।

হান্নান মাসউদ অভিযোগ করে বলেন, এখন আমাদের পথে ঘাটে হুমকি ধামকি দেওয়া হচ্ছে। অথচ যারা ৫ আগস্টের আগে পালিয়ে ছিল, তখন আমরা রাজপথে থেকে তাদের পক্ষ হয়ে লড়েছি। তিনি জোর দিয়ে বলেন, আমরা কখনো মাথা নত করব না এবং এ দেশের মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার দায়িত্ব সরকারের। তিনি আরও বলেন, ফেরি আমাদের অধিকার ছিল যা আমরা ভিক্ষা হিসেবে আনিনি বরং অধিকার হিসেবেই পেয়েছি। হাতিয়ার সাধারণ মানুষকে জিম্মি করে রাখা হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, আমরা তাদের সেই জিম্মিদশা থেকে ফিরিয়ে এনেছি এবং সামনে আমাদের আরও পথচলা রয়েছে।

বেড়িবাঁধ এলাকায় বসবাসকারী মানুষের দুর্ভোগের কথা উল্লেখ করে তিনি আশ্বাস দেন যে, যেখানে মানুষ কষ্টে বসবাস করছে তাদের সরকারি খাস জমি বন্দোবস্ত করে দেওয়া হবে যাতে তারা সুন্দরভাবে জীবনযাপন করতে পারে। এ সময় গণসংযোগে জাহাজমারা ইউনিয়নের জামায়াতের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট নোমান, উপজেলা এনসিপি নেতা বাকের বিল্লাহ ও জাহাজমারা ইউনিয়ন যুবশক্তির আহ্বায়ক তারিফুল ইসলামসহ বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এসএএস/ ৬ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language