জাতীয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: সব প্রস্তুতি সম্পন্ন, কেন্দ্রে পৌঁছাচ্ছে ব্যালট পেপার

ঢাকা, ৬ ফেব্রুয়ারি – আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য নির্বাচন কমিশনের (ইসি) যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, এখন কেবল ভোটারদের ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের অপেক্ষা।

তিনি উল্লেখ করেন, সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে বাংলাদেশের ইতিহাসে এবারই সর্বোচ্চ সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ইতোমধ্যে ১১৬টি সংসদীয় আসনে ব্যালট পেপার পৌঁছে গেছে এবং বাকি আসনগুলোতে ৭ ফেব্রুয়ারির মধ্যে পৌঁছানো নিশ্চিত করা হবে।

ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, আদালতের নির্দেশে শেষ মুহূর্তে কতিপয় প্রার্থীর প্রার্থিতা ফিরে পাওয়ায় কিছু ব্যালট পুনর্মুদ্রণ করতে হয়েছে, যা বিতরণে সামান্য বিলম্ব ঘটিয়েছে।

নিরাপত্তা নিশ্চিতকল্পে নির্বাচনের আগে ও পরে সাত দিন সেনাবাহিনী এবং আট দিন আনসার বাহিনী মাঠে থাকবে। পাশাপাশি ১ হাজার ৫০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিচারিক ম্যাজিস্ট্রেট ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত নির্বাচনী এলাকায় দায়িত্ব পালন করবেন।

এবারের নির্বাচনে মোট ভোটার ১২ কোটি ৭৭ লাখের বেশি এবং ৩০০ আসনে ৫১টি রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলিয়ে মোট ২ হাজার ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপি সর্বোচ্চ ২৮৮ জন প্রার্থী দিয়েছে।

নির্বাচন পর্যবেক্ষণে দেশি-বিদেশি প্রায় ৫৬ হাজার পর্যবেক্ষক এবং পোস্টাল ভোটের সুবিধাও কার্যকর করা হয়েছে।

এনএন/ ৬ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language