ইসলামাবাদে শিয়া মসজিদে আত্মঘাতী হামলায় নিহত ৩১, আহত ১৬৯

ইসলামাবাদ, ৬ ফেব্রুয়ারি – পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি শিয়া মসজিদে জুমার নামাজের সময় ভয়াবহ আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। শুক্রবারের (৬ ফেব্রুয়ারি) এই বিস্ফোরণে অন্তত ৩১ জন নিহত এবং ১৬৯ জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন।
২০২৩ সালে পেশোয়ারে পুলিশ লাইনস মসজিদে হামলার পর এটিই পাকিস্তানে কোনো ধর্মীয় উপাসনালয়ে সবচেয়ে বড় হতাহতের ঘটনা।
প্রাথমিক তদন্ত ও পুলিশ সূত্রের বরাতে জানা যায়, নিষিদ্ধ ঘোষিত সংগঠন পাকিস্তান তেহরিক-ই-তালেবানের (টিটিপি) এক সদস্য এই আত্মঘাতী হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী আনুষ্ঠানিকভাবে এই হামলার দায় স্বীকার করেনি।
সংবাদমাধ্যম সিএনএনকে পুলিশ জানিয়েছে, জুমার নামাজের জমায়েত লক্ষ্য করেই এই হামলা চালানো হয়।
এএফপির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, হামলাকারীকে মসজিদের প্রধান ফটকে বাধা দেওয়ার চেষ্টা করা হলে সেখানেই তিনি নিজের শরীরে বহন করা বোমার বিস্ফোরণ ঘটান।
ইসলামাবাদ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আহত ১৬৯ জনকে দ্রুত চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে মসজিদের ভেতর হতাহতদের দেহ ছড়িয়ে-ছিটিয়ে থাকতে এবং জানালার কাঁচ ভেঙে চুরমার হয়ে যেতে দেখা গেছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও গভীর শোক প্রকাশ করেছেন।
প্রসঙ্গত, এর আগে ২০০৮ সালে ইসলামাবাদের ম্যারিয়ট হোটেলের সামনে এবং গত বছরের নভেম্বরে জুডিশিয়াল কমপ্লেক্সের সামনেও বড় ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেছিল।
এনএন/ ৬ ফেব্রুয়ারি ২০২৬









