জাতীয়

হাসিনার কায়দায় ক্ষমতায় আসার স্বপ্ন দেখবেন না: ডা. মিতু

ঝালকাঠি, ৬ ফেব্রুয়ারি – শেখ হাসিনার কায়দায় ক্ষমতায় আসার স্বপ্ন না দেখার জন্য রাজনৈতিক দলগুলোকে সতর্ক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ডেপুটি চিফ অর্গানাইজার ডা. মাহমুদা আলম মিতু। আগামী নির্বাচনে নারীরাই ভোটকেন্দ্র পাহারা দেবেন বলেও তিনি মন্তব্য করেন।

শুক্রবার দুপুরে ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াতে ইসলামী ও ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোট আয়োজিত এক নির্বাচনী জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে ডা. মিতু বলেন যে গণঅভ্যুত্থানের ফলেই তিনি দেশে ফিরতে পেরেছেন এবং দলের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। তিনি অভিযোগ করেন যে জুলাই আন্দোলনের পর বিএনপি ৫৫০টি সহিংসতা ঘটিয়েছে এবং চাঁদাবাজি ও দুর্নীতির অভিযোগে দলটির হাজার হাজার নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে।

শেখ হাসিনাকে ‘রাজাকার’ বলার কারণে যেমন তার পতন হয়েছিল তেমনি অন্যদের ‘গুপ্ত’ সম্বোধন করলে তাদেরও পতন হবে বলে তিনি হুঁশিয়ারি দেন। ডা. মিতু দাবি করেন যে ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোটের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে যা দেখে একটি বিশেষ দলের মাথা ঠিক নেই। তিনি স্পষ্ট ভাষায় বলেন যে কেউ যেন ভোটকেন্দ্র দখলের চেষ্টা না করে কারণ নারীরাই এবার ভোটকেন্দ্রের নিরাপত্তায় থাকবে।

এ এম/ ৬ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language