জাতীয়

ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে পুলিশি হামলার তীব্র নিন্দা ছাত্রশিবিরের

ঢাকা, ৬ ফেব্রুয়ারি – রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচিতে পুলিশি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

শুক্রবার বিকেলে এক যৌথ বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম এবং সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ এই ঘটনার কঠোর সমালোচনা করেন। বিবৃতিতে নেতৃবৃন্দ উল্লেখ করেন, জাতিসংঘের অধীনে শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছিলেন। শুক্রবার বিকেল ৪টার দিকে কোনো প্রকার উসকানি ছাড়াই পুলিশ অতর্কিতভাবে সাউন্ড গ্রেনেড ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে এবং লাঠিপেটা করে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়।

পুলিশের এই হামলায় ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের, রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মার এবং ঢাবি শাখার মুখপাত্র ফাতিমা তাসনিম জুমাসহ বেশ কয়েকজন নেতাকর্মী গুরুতর আহত হন। শিবির নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে ন্যায়বিচারের দাবিতে পরিচালিত শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের এই আক্রমণাত্মক ভূমিকা নিন্দনীয় এবং পুরোনো ফ্যাসিবাদী আচরণের বহিঃপ্রকাশ।

উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি ঢাকা ৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রচারণার সময় গত ১২ ডিসেম্বর গুলিবিদ্ধ হন এবং ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নেতৃবৃন্দ অভিযোগ করেন, গুলিবিদ্ধ হওয়ার ৫৬ দিন পার হলেও মামলার যৌক্তিক অগ্রগতি নেই, বরং বারবার শুনানি পেছানো হচ্ছে যা প্রশাসনের দায়িত্বহীনতা। বিবৃতিতে অবিলম্বে হামলায় জড়িত পুলিশ সদস্যদের শনাক্ত করে শাস্তির দাবি এবং ওসমান হাদি হত্যার সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করার আহ্বান জানানো হয়। অন্যথায় ছাত্র জনতা রাজপথে কঠোর প্রতিরোধ গড়ে তুলবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।

এস এম/ ৬ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language