কক্সবাজার

টেকনাফে নির্বাচনী প্রচারণায় গুলিবর্ষণ, শিশুসহ গুলিবিদ্ধ ৫

কক্সবাজার, ৬ ফেব্রুয়ারি – কক্সবাজারের টেকনাফে বিএনপি প্রার্থীর নির্বাচনী প্রচারণা দেখতে জড়ো হওয়া উৎসুক জনতার ওপর গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে ১৮ মাসের শিশুসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের মধ্যে দুইজন রোহিঙ্গা নাগরিক ও তিনজন স্থানীয় বাসিন্দা রয়েছেন। বৃহস্পতিবার রাত ১০টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের আলীখালী এলাকায় ২৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন তিন রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে। শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় আলীখালী এলাকা দিয়ে বিএনপি প্রার্থীর নির্বাচনী প্রচারণার একটি ড্রামপার ট্রাক অতিক্রম করছিল। ট্রাকে একজন নারী গায়িকা ও ১০-১২ জন কর্মী ছিলেন। ট্রাকটি চলে যাওয়ার কয়েক মিনিট পরই প্রচারণা দেখতে আসা জনতার ভিড়ের মধ্যে মদ্যপ অবস্থায় ‘শীর্ষ সন্ত্রাসী’ জালাল প্রকাশ ওরফে লাশ জালাল বিদেশি অস্ত্র দিয়ে অতর্কিত গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই পাঁচজন গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধরা হলেন—আলীখালী ২৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আব্দুর রহমান, মোহাম্মদ জিসান, হ্নীলা ইউনিয়নের মোছনী এলাকার বাছা মিয়া, আলীখালী এলাকার শিশু নূসরাত জাহান এবং শাহাবুদ্দিন।

আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় লেদা আইআরসি ও আইওএম হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ওসি মো. সাইফুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে এপিবিএন পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলছে। উল্লেখ্য, অভিযুক্ত জালালের বিরুদ্ধে হত্যা, মাদক, অপহরণ ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে এবং তিনি এলাকায় আধিপত্য বিস্তার ও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য পরিচিত।

এস এম/ ৬ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language