জাতীয়

সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে ১৪টি এয়ারগান ও গুলি উদ্ধার

সাতক্ষীরা, ৬ ফেব্রুয়ারি – আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এরই ধারাবাহিকতায় সাতক্ষীরায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৪টি এয়ারগান এবং বিপুল পরিমাণ গুলি ও যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার ভোরে শ্যামনগর উপজেলার কৈখালী বিওপির আওতাধীন এলাকায় রিভারাইন বিজিবি এই অভিযান চালায়। বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে টহল কমান্ডার জেসিও নায়েব সুবেদার মো. রেজাউল করিমের নেতৃত্বে একটি দল গোলাখালি নদীর তীরে অভিযান পরিচালনা করে।

সেখানে একটি চিংড়ির ঘেরের পাশে মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় অস্ত্র ও সরঞ্জামগুলো খুঁজে পাওয়া যায়। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ১৪টি এয়ারগান, ২৫ বক্স এয়ারগানের গুলি, ৯টি স্প্রিং, ৫০টি পিস্টন হোল্ডার এবং ২২টি এলকে রেঞ্জ। জব্দকৃত এসব সরঞ্জামের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৭০ হাজার ২০০ টাকা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নির্বাচনকে কেন্দ্র করে নাশকতার উদ্দেশ্যে এসব অস্ত্র অবৈধভাবে সীমান্ত দিয়ে দেশে আনা হচ্ছিল। ঘটনাস্থলটি কৈখালী বিওপি থেকে প্রায় দুই কিলোমিটার দক্ষিণে এবং সীমান্ত শূন্যরেখা থেকে প্রায় দুই কিলোমিটার পূর্বে অবস্থিত।

অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি, তবে জড়িত চক্রকে শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। নীলডুমুর রিভারাইন বর্ডার গার্ড কোম্পানির অতিরিক্ত পরিচালক লেফটেন্যান্ট কমান্ডার মো. আব্দুর রউফ জানান, নির্বাচনকে ঘিরে যেকোনো ধরণের সহিংসতা বা অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবির অভিযান ও কঠোর নজরদারি অব্যাহত থাকবে। উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জাম বর্তমানে বিজিবি হেফাজতে রয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

এস এম/ ৬ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language