টেকনাফে বাসচাপায় অটোরিকশার ২ আরোহী নিহত, আহত ৮

কক্সবাজার, ৬ ফেব্রুয়ারি – কক্সবাজার ও টেকনাফ মহাসড়কে যাত্রীবাহী বাসের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই আরোহী নিহত হয়েছেন।
এই মর্মান্তিক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও আটজন। শুক্রবার সকাল আনুমানিক ৯টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নাটমোড়াপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় শনাক্ত করা হয়েছে। তারা হলেন টেকনাফের হ্নীলার লেদা এলাকার লোকমান হাকিমের ছেলে ছাবের হোসেন প্রকাশ লালু এবং পশ্চিম ফুলডেইল এলাকার আবুল হোসেনের মেয়ে মুনতাহা আকতার।
হোয়াইক্যং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবসার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশের এই কর্মকর্তা জানান সকালে টেকনাফগামী একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস হ্নীলা নাটমোড়াপাড়া এলাকায় পৌঁছালে একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন প্রাণ হারান এবং আরও আটজন গুরুতর জখম হন। আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পরপরই হাইওয়ে থানা ও স্থানীয় পুলিশের একাধিক দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এ বিষয়ে পরবর্তী সময়ে বিস্তারিত জানানো হবে বলে পুলিশ সূত্রে উল্লেখ করা হয়েছে।
এস এম/ ৬ ফেব্রুয়ারি ২০২৬



